২৩ বছর পর চট্টগ্রাম বন্দর থেকে সরছে বিপজ্জনক ৯ কনটেইনার রাসায়নিক

বাংলাদেশ চিত্র
প্রকাশ : ৩ অক্টোবর ২০২৬, ০৮:০৭ পিএম

দীর্ঘ ২৩ বছর ধরে চট্টগ্রাম বন্দরে পড়ে থাকা মেয়াদোত্তীর্ণ ও ব্যবহারের অনুপযোগী বিপজ্জনক রাসায়নিকের ৯টি কনটেইনার অবশেষে সরিয়ে নেওয়া হচ্ছে। বন্দরের সার্বিক নিরাপত্তাঝুঁকি কমানো ও দীর্ঘদিনের কনটেইনার জট নিরসনে এসব বিপজ্জনক রাসায়নিক ধ্বংসের বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। পরিবেশসম্মত ও নিয়মানুগ প্রক্রিয়ায় ধ্বংসের উদ্দেশ্যে কনটেইনারগুলো নারায়ণগঞ্জে পাঠানো হচ্ছে।

শনিবার (৩ অক্টোবর) সকাল থেকে কাস্টমস হাউস চট্টগ্রামের উদ্যোগে এ কার্যক্রম শুরু হয়। সকাল ১০টার দিকে কাস্টমসের ধ্বংস কমিটির সদস্যদের উপস্থিতিতে পুলিশি প্রহরায় রাসায়নিকবাহী যানগুলো চট্টগ্রাম বন্দর থেকে নারায়ণগঞ্জের উদ্দেশে যাত্রা করে।

কাস্টমস হাউস চট্টগ্রামের সহকারী কমিশনার মো. রাসেল আহমেদ কালবেলাকে বলেন, বন্দরের নিরাপত্তা নিশ্চিত করা এবং দীর্ঘদিন ধরে পড়ে থাকা কনটেইনারের জট নিরসনের লক্ষ্যে ৯টি কনটেইনারে থাকা বিপজ্জনক রাসায়নিক ধ্বংসের কার্যক্রম শুরু হয়েছে। এসব কনটেইনারে মোট ১৫০ দশমিক ৮৯ টন রাসায়নিক রয়েছে।

কাস্টমস সূত্র বলছে, ২০০৩ সাল থেকে বন্দরে পড়ে থাকা এসব রাসায়নিকের মধ্যে রয়েছে ২৫ দশমিক ৫৫ টন সালফিউরিক অ্যাসিড, ৫০০ কেজি নাইট্রিক অ্যাসিড, ৯২ দশমিক ৫৪ টন মিথানল এবং ৩২ দশমিক ৩০ টন থিনার।

মো. রাসেল আহমেদ বলেন, এসব রাসায়নিকের ব্যবহার যোগ্যতা পরীক্ষা করে দেখা গেছে, সেগুলো মেয়াদোত্তীর্ণ ও ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে। তাই বাংলাদেশ জাতীয় কর্তৃপক্ষ, রাসায়নিক অস্ত্র কনভেনশন (বিএনএসিডব্লিউসি)-এর সুপারিশ এবং কাস্টমস হাউস চট্টগ্রামের ধ্বংস কমিটির উদ্যোগে এগুলো ধ্বংসের ব্যবস্থা করা হয়েছে।

তিনি জানান, নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার মুড়াপাড়া এলাকায় ওয়াটা কেমিক্যালস লিমিটেড নামের একটি প্রতিষ্ঠানের মাধ্যমে পরিবেশবান্ধব ও নির্ধারিত নিয়ম মেনে এসব রাসায়নিক ধ্বংস করা হবে।

ঝুঁকিপূর্ণ রাসায়নিক পরিবহন ও ধ্বংসের পুরো প্রক্রিয়ায় নিরাপত্তা ও কারিগরি সহায়তা দিচ্ছে সংশ্লিষ্ট বিভিন্ন সরকারি সংস্থা। এরমধ্যে রয়েছে বিএনএসিডব্লিউসি, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ, জেলা প্রশাসন, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ (বিসিএসআইআর), বিস্ফোরক অধিদপ্তর, পরিবেশ অধিদপ্তর এবং আনসার ব্যাটালিয়ন।

বাংলাদেশ চিত্র অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সর্বশেষ সব খবর