বাগেরহাটের মোরেলগঞ্জে ডাববোঝাই নসিমন ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে ৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় শিশুসহ আরও ৬ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে গুরুতর ২ জনকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
শনিবার (৩ অক্টোবর) সন্ধ্যা ৬টার দিকে সাইনবোর্ড-বগী আঞ্চলিক মহাসড়কের দোনা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- মোরেলগঞ্জ উপজেলার বলইবুনিয়া ইউনিয়নের দোনা এলাকার বাবুল মোল্লার ছেলে রিমন মোল্লা (২৫), নজরুল খানের ছেলে আমিন খান (২২) ও জামাল মাস্টারের ছেলে শোয়েব (১৬)।
আহতরা হলেন- মোহাম্মদ রিয়াদ, রিয়াজুল ইসলাম, মো. সিয়াম, পিরোজপুর থেকে আসা উজ্জ্বল চন্দ্র দাস, অপর্ণা দাস এবং তার আড়াই বছর বয়সী শিশুসন্তান উমা দাস।
স্থানীয় সূত্রে জানা গেছে, সন্ধ্যা ৬টার দিকে ডাববোঝাই একটি নসিমন কালিকাবাড়ির দিকে যাচ্ছিল। পথে দোনা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী মোটরসাইকেলের সঙ্গে নসিমনটির মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় পেছনে থাকা আরও দুটি মোটরসাইকেল ধাক্কা খেয়ে দুমড়ে-মুচড়ে যায়। সংঘর্ষের কারণে ঘটনাস্থলেই রিমন মোল্লা ও আমিন খানের মৃত্যু হয়। অন্যদিকে গুরুতর আহত অবস্থায় শোয়েবকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
দুর্ঘটনায় আহত আরও ৬ জনকে উদ্ধার করে তাৎক্ষণিকভাবে মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। তাদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় থাকা ২ জনকে উন্নত চিকিৎসার জন্য দ্রুত খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. সিফাত খান জানান, হাসপাতালে তিনজনকে মৃত অবস্থায় আনা হয়েছিল। এছাড়া আহত অবস্থায় ভর্তি হওয়া রোগীদের প্রয়োজনীয় চিকিৎসা ও গুরুতরদের খুলনায় রেফার করা হয়েছে।
এ বিষয়ে মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহীদুল্লাহ তিনজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, দুর্ঘটনাজনিত কারণ অনুসন্ধানের পাশাপাশি ঘাতক যানবাহন জব্দসহ আইনি প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে।
