ক্ষমতাকে লুটপাটের মাধ্যম হিসেবে দেখার কারণেই দেশজুড়ে সন্ত্রাস ও অরাজকতা ছড়িয়ে পড়েছে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান। তার দাবি, ‘বর্তমান ক্ষমতাসীনরা ক্ষমতাকে সাধারণ মানুষের টাকা আত্মসাতের সুযোগ হিসেবে বিবেচনা করে।’ এ ধরনের নেতৃত্বের হাতে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব থাকলে কোনো সমস্যার সমাধান হবে না বলেও মন্তব্য করেন তিনি।
রোববার (৪ অক্টোবর) কুমিল্লার লাকসামের আগমন ফুডপার্কে ইসলামী আন্দোলন বাংলাদেশের কুমিল্লা বিভাগীয় উপজেলা ও সিটি ওয়ার্ড প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সরকারি দলের সমালোচনা করে গাজী আতাউর রহমান বলেন, ‘ক্ষমতাসীন দলের মধ্যে কোনো ধরনের সাংগঠনিক শৃঙ্খলা বা ব্যক্তিশুদ্ধির ব্যবস্থা নেই। এমন নিয়ন্ত্রণহীন গোষ্ঠী যখন ক্ষমতার আসনে বসে, তখন তাদের কাছ থেকে জনগণের কল্যাণ আশা করা যায় না। ফলে দেশ দিন দিন আরও খারাপ পরিস্থিতির দিকে যাচ্ছে।’
কর্মসংস্থান ও বিদ্যুৎ-জ্বালানি খাতের সংকট প্রসঙ্গে তিনি বলেন, কোটি মানুষের কর্মসংস্থানের প্রতিশ্রুতি দেওয়া হলেও তা বাস্তবায়ন হয়নি, বরং বেকারত্ব বেড়েছে। বিদ্যুৎ ও জ্বালানি সংকটের জন্য বৈশ্বিক পরিস্থিতির পাশাপাশি সরকারের অদক্ষতা ও অব্যবস্থাপনাও সমভাবে দায়ী বলে মন্তব্য করেন তিনি।
আগামীর সমৃদ্ধ বাংলাদেশ গঠন ও গণমানুষের প্রত্যাশা পূরণে ইসলামী আন্দোলন বাংলাদেশকে দেশ পরিচালনার দায়িত্ব নেওয়ার আহ্বান জানান গাজী আতাউর রহমান। তিনি দলের নেতাকর্মীদের তৃণমূলে সাংগঠনিক কার্যক্রম বাড়ানোর পাশাপাশি সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে তাদের সমস্যার সমাধানে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান।
কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা নুরুল করীম আকরামের সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন দলের যুগ্ম মহাসচিব মাওলানা শেখ ফজলে বারী মাসউদ ও কেন্দ্রীয় সদস্য হাজি সেলিম মাহমুদ।
