চাঁদপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে বিভিন্ন অনিয়মের অভিযোগে তিনটি প্রতিষ্ঠানকে মোট ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে রোববার (৪ অক্টোবর ২০২৬) চাঁদপুরের চৌধুরীঘাট, মদিনা শপিং কমপ্লেক্স ও জি এম সেনগুপ্ত রোড এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী বিদেশি কসমেটিকসে আমদানিকারকের স্টিকার না থাকা এবং লাইসেন্স ছাড়া ফুড সাপ্লিমেন্ট ও বিভিন্ন ধরনের ক্যালসিয়াম বিক্রির অপরাধে রেড রোজ কসমেটিকসকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়া কলায় ক্ষতিকর রাসায়নিক স্প্রে করে পাকানোর অপরাধে মেসার্স ভাই ভাই স্টোরকে ১০ হাজার টাকা এবং একই অপরাধে আলম খানকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, চাঁদপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান। জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে অভিযুক্ত প্রতিষ্ঠানগুলো স্বেচ্ছায় পরিশোধ করে। পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের অনিয়ম না করার অঙ্গীকার করেন সংশ্লিষ্টরা।
অভিযানের অংশ হিসেবে অন্যান্য প্রতিষ্ঠানও পরিদর্শন করা হয় এবং ব্যবসায়ী ও সাধারণ মানুষের মধ্যে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়। অভিযানে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর একটি দল সার্বিক সহযোগিতা করে।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জানিয়েছে, জনস্বার্থে এ ধরনের অভিযান কার্যক্রম অব্যাহত থাকবে।
