ঢাকা-আরিচা মহাসড়কের মানিকগঞ্জে বাসের চাপায় বর্ষা (৪৫) নামের তৃতীয় লিঙ্গেরে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। রোববার (৪ অক্টোবর) সন্ধ্যার দিকে সদর উপজেলার জাগীর ব্রিজের উপরে এই ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেন গোলড়া হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সেলিম মাতুব্বার।
পুলিশ ও স্থানিয়রা জানান, রিকশায় করে বর্ষা ও তার আরেক সঙ্গী ঢাকা-আরিচা মহাসড়ক দিয়ে জাগীর ব্রিজ পার হয়ে জাগীর এলাকায় তাদের বাড়িতে যাচ্ছিলেন। পথিমধ্যে জাগীর ব্রিজের উপরে উঠলে সেলফি পরিবহনের একটি বাস তাদেরকে চাপা দেয়। ঘটনাস্থলেই বর্ষার মৃত্যু হয়।
এছাড়া তার সঙ্গীসহ রিকশাচালক আহত হন। স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।
ওসি মো. সেলিম মাতুব্বার বলেন, ঢাকাগামী একটি বাসের চাপায় ঘটনাস্থলেই বর্ষা নামের তৃতীয় লিঙ্গের ব্যক্তির মৃত্যু হয়। বর্ষার মৃতদেহ উদ্ধার করা হয়েছে। তবে এ ঘটনায় জড়িত বাস জব্দ ও চালককে এখনো আটক করা যায়নি। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
