আশুলিয়ায় বাড়তি দামে গ্যাস বিক্রি, দুই প্রতিষ্ঠানকে জরিমানা

বাংলাদেশ চিত্র
প্রকাশ : ৫ অক্টোবর ২০২৬, ০৩:৩৬ এএম

ঢাকার আশুলিয়ায় সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে এলপিজি সিলিন্ডার বিক্রি, বড় সিলিন্ডার থেকে ছোট সিলিন্ডারে অবৈধভাবে গ্যাস রিফিলসহ বিভিন্ন অনিয়মের অভিযোগে দুই প্রতিষ্ঠানকে মোট ২ লাখ ১০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

রোববার (০৪ অক্টোবর) বিকেলে আশুলিয়ার কাঠগড়া ও ককুটুরিয়া এলাকায় অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ঢাকা জেলার সহকারী পরিচালক মোহাম্মদ হাসানুজ্জামান।

অভিযান সূত্রে জানা যায়, কাঠগড়া এলাকার মেসার্স হাজী আব্দুর রহমান এন্টারপ্রাইজে ক্রয়মূল্য, বিক্রয়মূল্য ও প্রদর্শিত মূল্য তালিকার মধ্যে গড়মিল পাওয়া যায়। পাশাপাশি সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রির অভিযোগও পাওয়া যায়। এসব অনিয়মের দায়ে প্রতিষ্ঠানটিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে ভবিষ্যতে এমন অনিয়ম না করতে সতর্ক করা হয়।

অন্যদিকে ককুটুরিয়া এলাকার ইকবাল এন্টারপ্রাইজে বড় সিলিন্ডার থেকে ছোট সিলিন্ডারে অবৈধভাবে এলপিজি রিফিল করে বিক্রির প্রমাণ পাওয়া যায়। এ ছাড়া সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রি, ক্রয় রসিদ দেখাতে না পারা এবং মূল্য তালিকা প্রদর্শন না করার মতো অনিয়মও পাওয়া যায়। অভিযানে গ্যাসের বোতলে পানি ভর্তির প্রমাণও পাওয়া গেছে বলে জানিয়েছে ভোক্তা অধিদপ্তর।

এসব অনিয়মের কারণে প্রতিষ্ঠানটির মালিক ইকবাল হোসেনকে ২ লাখ টাকা জরিমানা করা হয়। পাশাপাশি অবৈধ ও ঝুঁকিপূর্ণভাবে গ্যাস রিফিলের কাজ না করতে প্রতিষ্ঠানটিকে সতর্ক করা হয়েছে।

জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ঢাকা জেলার সহকারী পরিচালক মোহাম্মদ হাসানুজ্জামান বলেন, সরকার নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত দামে গ্যাস সিলিন্ডার বিক্রি এবং কাগজপত্রে গড়মিল পাওয়ায় হাজী আব্দুর রহমান এন্টারপ্রাইজকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। আর ইকবাল এন্টারপ্রাইজে অতিরিক্ত দামে গ্যাস বিক্রি, বড় বোতল থেকে ছোট বোতলে গ্যাস রিফিল এবং গ্যাসের বোতলে পানি ভর্তির প্রমাণ পাওয়ায় ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

তিনি আরও বলেন, অবৈধ ও ঝুঁকিপূর্ণভাবে গ্যাস রিফিলের মতো কর্মকাণ্ড ভবিষ্যতে করলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিরুদ্ধে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
 

বাংলাদেশ চিত্র অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সর্বশেষ সব খবর