মাদারীপুরে ইটভাঙা মেশিনের নিচে পড়ে ৬ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৬ অক্টোবর) সকাল সাড়ে ৮টার দিকে সদর উপজেলার নয়াচর এলাকার এ দুর্ঘটনা ঘটে। নিহত আরিয়ান ওই এলাকার আরমান খাঁর ছেলে।
স্বজন ও স্থানীয়রা জানায়, চরমুগরিয়া থেকে ইটভাঙার একটি মেশিন নিয়ে কয়েকজন শ্রমিক গুচ্ছগ্রামের দিকে যাচ্ছিল। মাঝপথে নয়াচর এলাকায় আসলে রাস্তা পার হওয়ার সময় ওই শিশুকে চাপা দেয় গাড়িটি। পরে গুরুতর অবস্থায় শিশু আরিয়ানকে মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানান, নিহত শিশুর মরদেহ ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। লিখিত অভিযোগ পেলে আইনিব্যবস্থা নেওয়া হবে।
