অনুমোদনহীন সুইমিংপুল অপসারণে মালিকের বাধা, দিলেন ‘খেয়ে ফেলার হুমকি’

বাংলাদেশ চিত্র
প্রকাশ : ৬ অক্টোবর ২০২৬, ১১:২১ পিএম

রাজশাহী মহানগরীর তেরখাদিয়া এলাকায় অনুমোদন ছাড়া নির্মিত একটি সুইমিংপুল অপসারণে গিয়ে ভবন মালিকের বাধা ও হুমকির মুখে পড়েছেন রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের (আরডিএ) কর্মকর্তারা। এ সময় আরডিএ চেয়ারম্যান আবুল কালাম আজাদ সুইটকেও সরাসরি হুমকি দেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে।

মঙ্গলবার (৬ অক্টোবর) দুপুর ১২টার দিকে তেরখাদিয়া এলাকায় ‘আল রাইশা টাওয়ার’ নামে ১০ তলা ভবনে এ অভিযান চালানো হয়। আরডিএর ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুনের নেতৃত্বে অভিযানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও অংশ নেন।

আরডিএ সূত্রে জানা যায়, ভবনের ছাদে অনুমোদিত নকশার বাইরে সুইমিংপুল নির্মাণ করা হয়েছে। এটি অপসারণের জন্য আগে নির্দেশনা দেওয়া হলেও তা সরানো হয়নি। যারপরনাই মঙ্গলবার অভিযান চালানো হয়।

অভিযানের সময় ভবনের মালিক আব্দুর রশিদকে প্রধান ফটক খুলে দেওয়ার জন্য একাধিকবার অনুরোধ করা হলেও তিনি রাজি হননি বলে জানান ম্যাজিস্ট্রেট। পরে আইনি ক্ষমতা প্রয়োগ করে ফটক খুলে কর্মকর্তারা ভবনের ভেতরে প্রবেশ করেন। এরপর ছাদে গিয়ে অনুমোদনহীন সুইমিংপুলটি ভেঙে অপসারণ করা হয়।

ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুন বলেন, অবৈধ স্থাপনা অপসারণের জন্য আমরা সেখানে গিয়েছিলাম। ভবন মালিক সহযোগিতা না করায় আইনি ক্ষমতা প্রয়োগ করে প্রধান ফটক দিয়ে প্রবেশ করতে হয়েছে। পরে ছাদে গিয়ে সুইমিংপুলটির কোনো অনুমোদন পাওয়া যায়নি।

তিনি আরও বলেন, ছাদে অতিরিক্ত পানির ভার ভবনের জন্য ঝুঁকি তৈরি করতে পারে। এছাড়া পানির কারণে ভবনের বিভিন্ন স্থানে স্যাঁতস্যাঁতে ভাবসহ অন্যান্য ক্ষতির আশঙ্কা রয়েছে।

অভিযানের সময় ভবন মালিক বিভিন্নভাবে অভিযান বন্ধের চেষ্টা করেন বলেও জানান তিনি। এ ঘটনায় আরডিএর পক্ষ থেকে আইনানুগ ব্যবস্থা নেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।

এদিকে, অভিযানের সময় ভবন মালিক আরডিএ কর্মকর্তাদের সঙ্গে উত্তপ্ত বাক্যবিনিময় করেন এবং আরডিএ চেয়ারম্যান আবুল কালাম আজাদ সুইটকে দেখে নেওয়া ও ‘খেয়ে ফেলার’ হুমকি দিয়েছেন। 

ভাইরাল ভিডিওতে তাকে বলতে শোনা যায়, ‘এটা যদি ভাঙে আজকে তিনটা লাশ পড়বে। আপনি যা খুশি করেন। আপনি কালকে এসে ভাঙেন। সুইটকে দেখে লিবো আমি, সুইটকে খাবো, আপনি ভাঙেন যান।’ 

তবে এসব অভিযোগের বিষয়ে ভবন মালিক আব্দুর রশিদের বক্তব্য পাওয়া যায়নি।

আরডিএ জানিয়েছে, সুইমিংপুলের অনুমোদনের পাশাপাশি ভবনের অনুমোদিত নকশার সঙ্গে নির্মিত স্থাপনার কোনো ব্যত্যয় রয়েছে কি না, সেটিও খতিয়ে দেখা হচ্ছে।

বাংলাদেশ চিত্র অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন