রাতের আঁধারে ছিনতাইকারী ধরতে গিয়ে ছুরিকাঘাতে আহত এসআই

বাংলাদেশ চিত্র
প্রকাশ : ৭ অক্টোবর ২০২৬, ০২:২২ এএম

গাজীপুরের টঙ্গীতে চিহ্নিত ছিনতাইকারী ধরতে গিয়ে ছুরিকাঘাতে আহত হয়েছেন টঙ্গী পশ্চিম থানার উপপরিদর্শক (এসআই) হানিফ মাহমুদ। এ ঘটনায় শাওন ও সাগর নামে দুই চিহ্নিত ছিনতাইকারীকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (৬ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে টঙ্গীর সাতাইশ-সখিনগর এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ সূত্রে জানা যায়, এলাকায় ছিনতাইয়ের সঙ্গে জড়িত চিহ্নিত ছিনতাইকারীদের আটক করতে অভিযান চালায় টঙ্গী পশ্চিম থানা পুলিশ। অভিযানের একপর্যায়ে পুলিশ শাওন ও সাগরকে আটক করার চেষ্টা করলে তারা হামলা চালায়। এ সময় তাদের ধরতে গেলে ছিনতাইকারীদের একজন ছুরি দিয়ে এসআই হানিফ মাহমুদের বাঁ পায়ে আঘাত করে। এতে তার পায়ে প্রায় পাঁচ ইঞ্চি গভীর ক্ষত সৃষ্টি হয়।

আহত এসআই হানিফ মাহমুদকে প্রথমে টঙ্গীর গুটিয়া ইন্টারন্যাশনাল হাসপাতালে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য তাকে রাজারবাগ পুলিশ লাইনস হাসপাতালে পাঠানো হয়েছে।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) উপপুলিশ কমিশনার (ডিসি) শফিকুর রহমান বলেন, চিহ্নিত ছিনতাইকারীদের ধরতে গিয়ে আমাদের একজন এসআই আহত হয়েছেন। তিনি জীবনের ঝুঁকি নিয়ে দায়িত্ব পালন করে ছিনতাইকারীদের আটক করতে সক্ষম হয়েছেন। এরপরও তিনি অভিযান থেকে পিছিয়ে যাননি। এ ঘটনায় দুই ছিনতাইকারীকে আটক করা হয়েছে।

তিনি আরও বলেন, মাদকের বিরুদ্ধে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। ছিনতাই ও মাদকসহ অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

বাংলাদেশ চিত্র অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন