বগুড়ার শেরপুরে মহাসড়ক পার হওয়ার সময় শ্যালো ইঞ্জিনচালিত অবৈধ ভটভটির (নসিমন) চাপায় কৃষক হোসেন আলী শেখ (৬৫) নিহত হয়েছেন। তার বাড়ি উপজেলার ভবানীপুর ইউনিয়নের ইটালী গ্রামে।
শনিবার (১০ অক্টোবর) দুপুর সাড়ে ১২টায় ঢাকা-বগুড়া মহাসড়কের উপজেলার ছোনকা এলাকায় একটি হাইওয়ে রেস্তোরার সামনে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা যায়, কৃষক হোসেন আলী শেখ তার বাড়ির গবাদি পশুর ঘাস কাটতে পায়ে হেঁটে মহাসড়কের পশ্চিম পাড়ে যাচ্ছিলেন। এ সময় ছোনকা থেকে সীমাবাড়ি বাজারের দিকে গরুবাহী ভটভটি হোসেন আলী শেখকে চাপা দেয়। দুর্ঘটনার পর তাকে স্থানীয় লোকজন উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন।
শেরপুর হাইওয়ে পুলিশের উপপরিদর্শক (এসআই) শাহ আলম বলেন, দুর্ঘটনার পর ওই গাড়িচালক মহাসড়কে ভটভটি ফেলে পালিয়ে যান। সেটি এখন পুলিশে হেফাজতে রয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।
