সড়কে হাঁটতে বেরিয়ে ট্রাকচাপায় প্রাণ গেল ২ নারীর

বাংলাদেশ চিত্র
প্রকাশ : ১২ অক্টোবর ২০২৬, ০১:৪৩ এএম

লালমনিরহাট সদর উপজেলায় সকালে রাস্তায় হাঁটতে বেরিয়ে ট্রাকচাপায় দুই নারী নিহত হয়েছেন। শনিবার (১০ অক্টোবর) সকালে উপজেলার ফকিরের তকেয়া বালাপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- পঞ্চগ্রাম ইউনিয়নের মোস্তাফি ধুমেরকুঠি এলাকার বাসিন্দা আব্দুল করিমের স্ত্রী ফজিলা বেগম (৪৫) এবং আজিজুল ইসলামের স্ত্রী জমিলা বেগম (৪৮)।

স্থানীয়রা জানান, প্রতিদিনের মতো ফজরের নামাজ শেষে ফজিলা ও জহিলা সড়কের পাশে হাঁটতে বের হন। এ সময় রংপুর থেকে ছেড়ে আসা সিমেন্টবোঝাই একটি দ্রুতগামী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে তাদের চাপা দেয়। ঘটনাস্থলেই ফজিলা বেগম ও জহিলা বেগম নিহত হন। দুর্ঘটনার পর স্থানীয় লোকজন এগিয়ে এসে ঘাতক ট্রাকটি আটক করে পুলিশে খবর দেন।

পরে লালমনিরহাট সদর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ দুটি উদ্ধার করে। নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় এবং পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

লালমনিরহাট সদর থানার ওসি সাদ আহমেদ বলেন, পরিবারের দাবির পরিপ্রেক্ষিতে মরদেহগুলো তাদের নিকট হস্তান্তর করা হয়েছে। ট্রাকটি থানা হেফাজতে রয়েছে।

বাংলাদেশ চিত্র অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সর্বশেষ সব খবর