মৌলভীবাজারের বড়লেখা পৌর শহরের মধ্যবাজার এলাকায় প্রধান সড়কের দেবে যাওয়া ঝুঁকিপূর্ণ গ্যাসলাইনের ম্যানহোল সংস্কার করেছে জালালাবাদ গ্যাস কর্তৃপক্ষ।
কালবেলায় সংবাদ প্রকাশের পর প্রায় এক সপ্তাহ ধরে সংস্কারকাজ সম্পন্ন করা হয়। এতে দীর্ঘদিনের দুর্ভোগ কমে স্বস্তি ফিরেছে পথচারী, শিক্ষার্থী ও যানবাহন চালকদের মধ্যে।
এর আগে, গত ২৫ সেপ্টেম্বর কালবেলা অনলাইনে ‘সড়কের ঝুঁকিপূর্ণ ম্যানহোল যেন মরণফাঁদ’ শিরোনামে সচিত্র প্রতিবেদন প্রকাশিত হয়। এরপর জালালাবাদ গ্যাস কর্তৃপক্ষ ও পৌর প্রশাসন সংস্কারের উদ্যোগ নেয়।
উপজেলা ভূমি অফিস সংলগ্ন সড়কের মাঝখানে ম্যানহোলটির ঢাকনা আশপাশের পিচের স্তর থেকে নিচে দেবে গিয়েছিল। এতে চারপাশের সড়ক ভেঙে অসমান হয়ে পড়ে।
স্থানীয়রা জানান, দেবে যাওয়া অংশে প্রায়ই ছোট-বড় দুর্ঘটনা ঘটত। বিশেষ করে রাতে ও বৃষ্টির সময় পানি জমে গর্ত আড়াল হয়ে যাওয়ায় ঝুঁকি বেড়ে যেত।
এদিকে এ সড়ক দিয়ে কুলাউড়া–শাহবাজপুর আঞ্চলিক রুটের যানবাহনের পাশাপাশি ঢাকা ও সিলেটগামী দূরপাল্লার যানবাহনও চলাচল করে। আশপাশে ভূমি অফিস, শিক্ষাপ্রতিষ্ঠান, স্বাস্থ্য কমপ্লেক্স, থানা ও বিভিন্ন এলাকার সংযোগ সড়ক থাকায় দিনভর যানবাহন ও পথচারীর চাপ থাকে। ঝুঁকিপূর্ণ স্থানটি পার হতে গিয়ে বিশেষভাবে দুর্ভোগে পড়তেন শিক্ষার্থী, রোগী বহনকারী যানবাহনের যাত্রী ও ছোট যানবাহনের চালকেরা।
সরেজমিনে দেখা গেছে, আগের ম্যানহোলের পরিবর্তে পাশে নতুন একটি ম্যানহোল তৈরি করা হয়েছে। সড়কের ক্ষতিগ্রস্ত অংশে ইট-বালু ও নির্মাণসামগ্রী দিয়ে গর্ত ভরাট করে ঢালাই দেওয়া হয়েছে। সংস্কারের পর সেখানে স্বাভাবিকভাবে যানবাহন চলাচল করছে।
স্কুলশিক্ষিকা হালিমাতুন সাদিয়া বলেন, ‘স্কুল ছুটির সময় শিক্ষার্থী, পথচারী ও ছোট যানবাহনের চাপ বাড়লে দুর্ঘটনার আশঙ্কা থাকত। বৃষ্টিতে পানি জমে দেবে যাওয়া অংশ বোঝা যেত না, ফলে হাঁটাচলাও কঠিন হয়ে পড়ত। সংস্কার হওয়ায় শিক্ষার্থীসহ নিয়মিত চলাচলকারীরা উপকৃত হয়েছেন।’
অটোরিকশাচালক মো. সুমন মিয়া বলেন, ‘রাতে দূর থেকে ম্যানহোলের দেবে যাওয়া অংশ বোঝা যেত না। হঠাৎ ব্রেক করতে গিয়ে গাড়ির যন্ত্রাংশের ক্ষতি হতো, কখনো নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনাও ঘটত। এখন সংস্কার হওয়ায় ঝুঁকি কমেছে।’
নিয়মিত এই সড়ক ব্যবহারকারী মোটরসাইকেলচালক জাহাঙ্গীর আলম বলেন, ‘আগে চলাচলের সময় চাকা গর্তে পড়ে যাওয়ার ভয় থাকত। মেরামতের পর সেই দুর্ভোগ কমেছে।’
স্থানীয় ব্যবসায়ীরা জানান, দীর্ঘদিন ধরে সমস্যাটি দৃশ্যমান থাকলেও কার্যকর সংস্কার হয়নি। কালবেলায় সংবাদ প্রকাশের পর কাজ হওয়ায় তারা সন্তোষ প্রকাশ করেন। একই সঙ্গে পৌর শহরের অন্য ঝুঁকিপূর্ণ ম্যানহোলগুলোও দ্রুত সংস্কারের দাবি জানান।
নিরাপদ সড়ক চাই (নিসচা) বড়লেখা উপজেলা শাখার সাধারণ সম্পাদক আইনুল ইসলাম ও হাজীগঞ্জ বাজার বণিক সমিতির সদস্যসচিব আব্দুল হক বলেন, ‘ম্যানহোলটি সংস্কারের জন্য আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে একাধিকবার যোগাযোগ করেছি। আশ্বাস দেওয়া হলেও দীর্ঘদিন কাজ হয়নি। অবশেষে সংস্কার হওয়ায় আমরা খুশি এবং বাকি ঝুঁকিপূর্ণ ম্যানহোলগুলো দ্রুত সংস্কারের দাবি জানাচ্ছি।’
জালালাবাদ গ্যাসের বড়লেখা–জুড়ী আঞ্চলিক বিতরণ অফিসের ইনচার্জ জ্যোতির্ময় দাস কালবেলাকে বলেন, ‘স্থানীয় মানুষের দুর্ভোগ বিবেচনায় ক্ষতিগ্রস্ত অংশ জরুরি ভিত্তিতে সংস্কার করা হয়েছে। স্থায়ী সমাধানের জন্য পাশেই আরেকটি ম্যানহোল তৈরি করা হয়েছে। অন্য ঝুঁকিপূর্ণ ম্যানহোলগুলোর সংস্কারেও প্রয়োজনীয় পরিকল্পনা নেওয়া হয়েছে। ভবিষ্যতে এ ধরনের সমস্যা এড়াতে তদারকি অব্যাহত থাকবে।’
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক নাঈমা নাদিয়া বলেন, ‘জালালাবাদ গ্যাস কর্তৃপক্ষ ম্যানহোলটি সংস্কার করেছে এবং পৌর প্রশাসন এ কাজে সহযোগিতা করেছে। অন্য ঝুঁকিপূর্ণ ম্যানহোলগুলো দ্রুত সংস্কারের বিষয়েও গ্যাস কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা হয়েছে।’
