জমি নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষ, ব্যবসায়ী নিহত

বাংলাদেশ চিত্র
প্রকাশ : ১২ অক্টোবর ২০২৬, ০৪:৪৬ এএম

জামালপুরের ইসলামপুরে জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় আতাউর রহমান (৫৫) নামে এক সার ব্যবসায়ী নিহত হয়েছেন।

শনিবার (১০ অক্টোবর) সকালে ইসলামপুর পৌরসভার দক্ষিণ ভেঙ্গুড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত আতাউর রহমান ইসলামপুর পৌরসভার দক্ষিণ ভেঙ্গুড়া এলাকার হাজি কাজিমদ্দীন সরকারের ছেলে। তিনি ধর্মকুড়া বাজারে সার ব্যবসা করতেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, জমি নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় প্রতিপক্ষের হামলায় আতাউর রহমান গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে ইসলামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক নোমানুর রহমান নয়ন তাকে মৃত ঘোষণা করে।

ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, ‘জমি নিয়ে দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তিন নারীকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।’

তিনি বলেন, ‘নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

বাংলাদেশ চিত্র অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সর্বশেষ সব খবর