জামালপুরের বকশীগঞ্জে ঢাকামুখী বাসের চাপায় শাশুড়ি ও পুত্রবধূর মৃত্যু হয়েছে। শনিবার (১০ অক্টোবর) সকালে ঢাকা-বকশীগঞ্জ মহাসড়কের উপজেলার নিলক্ষিয়া ঠাকুরপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- নিলক্ষিয়া ইউনিয়নের ঠাকুরপাড়া গ্রামের উফেজা বেগম (৬৭) এবং তার ছেলের বউ ফরিদা বেগম (৩৮)।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সকাল ৬টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা ‘শান্তি পরিবহন’ নামের একটি বাস বকশীগঞ্জের ঠাকুরপাড়া হয়ে রৌমারীর দিকে যাচ্ছিল। এ সময় মহাসড়কের পাশে দাঁড়িয়ে ছিলেন উফেজা বেগম ও ফরিদা বেগম। বাসটি নিলক্ষিয়া ঠাকুরপাড়া এলাকা অতিক্রম করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে তাদের সজোরে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দুই জনের মৃত্যু হয়।
দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত বকশীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ঘাতক বাসটি জব্দ করে এবং বাসের হেলপার মহিউদ্দিনকে আটক করে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বকশীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মকবুল হোসেন বলেন, ঘাতক বাস ও এর হেলপারকে আটক করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান।
