হবিগঞ্জে বিচ্ছুর কামড়ে যুবকের মৃত্যু

বাংলাদেশ চিত্র
প্রকাশ : ১৩ অক্টোবর ২০২৬, ১১:১৯ এএম

হবিগঞ্জের আজমিরীগঞ্জে গরুর জন্য কচুরিপানা কাটতে গিয়ে বিচ্ছুর কামড়ে সৌরভ দেবনাথ (১৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার (৯ অক্টোবর) দুপুরে উপজেলার জলসুখা ইউনিয়নের পাটুলিপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। 

নিহত সৌরভ জলসূখা ইউনিয়নের পাটুলিপাড়া গ্রামের নাথ হাটির নিপু দেবনাথের পুত্র। 

নিহতের পারবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার দুপুরে সৌরভ নিজের পালিত গরুর খাবারের জন্য পার্শ্ববর্তী নদীর পাড়ে কচুরিপানা কাটতে যায়। কচুরিপানা কাটার একপর্যায়ে কাঁকড়ার মতো দেখতে একটি বিচ্ছু তার ডান হাতের একটি আঙ্গুল কামড়ে দেয়। এ সময় সৌরভ চিৎকার শুরু করলে আশেপাশের লোকজন সেখানে জড়ো হন। তখন সৌরভ তাদের জানায় কাঁকড়ার মত দেখতে একটি বিচ্ছু তাকে কামড় দিয়েছে৷ স্থানীয়রা তাৎক্ষণিক তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

আজমিরীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক মো.আদিব ইসলাম জানান, সৌরভকে নিয়ে আসলে আমরা পরীক্ষা করে মৃত অবস্থায় পাই৷ পরিবারের লোকজন জানিয়েছেন পানিতে কচুরিপানা কাটার সময় তাকে বিচ্ছু কামড় দিয়েছে৷ তার ডান হাতের এক আঙ্গুলে একটি কামড়ের দাগ রয়েছে। তবে সেটি বিচ্ছু নাকি সাপের তা নিশ্চিত করে বলতে পারছিনা৷

নিহত সৌরভের চাচাতো ভাই অর্জুন দেবনাথ জানান, শুক্রবার দুপুর ১টার দিকে সৌরভ নদীর পাড়ে গরুর খাবারের জন্য কচুরিপানা কাটতে যায়। কচুরিপানা কাটার একপর্যায়ে একটি বিচ্ছু তাকে কামড় দেয়।

স্থানীয় ইউপি সদস্য জনেরা খাতুন জানান, দুপুরে গরুর জন্য কচুরিপানা কাটতে গেলে বিচ্ছু তাকে কামড়ে দেয়৷ তারপর তার স্বজনরা তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাবার পথেই তার মৃত্যু হয়৷ 

আজমিরীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.শফিকুল ইসলাম বলেন, এ বিষয়ে তার পরিবার থেকে কোনো অভিযোগ আমরা পাইনি৷

বাংলাদেশ চিত্র অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সর্বশেষ সব খবর