বাড়তি দামে এলপিজি বিক্রি, চারজনকে জরিমানা

বাংলাদেশ চিত্র
প্রকাশ : ১৬ অক্টোবর ২০২৬, ০৩:৩০ এএম

চট্টগ্রামের আনোয়ারায় সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি দামে এলপিজি সিলিন্ডার বিক্রি ও ক্রয় রশিদ না রাখার দায়ে দুই ডিলারসহ চার ব্যবসায়ীকে ১ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) বিকেলে উপজেলার কালাবিবির দিঘী ও চাতরী চৌমুহনী এলাকায় অভিযান চালিয়ে এই জরিমানা আদায় করেন আনোয়ারা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবু জাফর মজুমদার।

অভিযান সূত্র জানায়, কালাবিবির দিঘি এলাকায় সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি দামে সিলিন্ডার গ্যাস বিক্রির দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী দুই ডিলারকে ৪০ হাজার টাকা করে মোট ৮০ হাজার টাকা জরিমানা করা হয়। তারা হলেন বিনিময় ট্রেডার্সের স্বত্বাধিকারী খোরশেদ আলম (৪৪) এবং সাদিম ট্রেডার্সের স্বত্বাধিকারী মো. সাদিম উদ্দিন (২৯)।

একই দিনে চাতরী চৌমুহনী বাজারে সিলিন্ডারের বৈধ ক্রয় রসিশ না থাকা এবং বেশি দামে বিক্রির দায়ে আরও দুই খুচরা ব্যবসায়ীকে ১০ হাজার টাকা করে জরিমানা করা হয়। তারা হলেন জহির স্টোরের স্বত্বাধিকারী জহির উদ্দিন আহমদ (৪০) এবং ইব্রাহিম স্টোরের স্বত্বাধিকারী ইব্রাহিম (৫৮)।

জানা যায়, খুচরা বিক্রেতার ক্রয় রশিদ না থাকার বিষয়টি আলাদা করে গুরুত্বপূর্ণ। রশিদ না থাকলে বোঝার উপায় থাকে না তিনি ডিলারের কাছ থেকে কত দামে সিলিন্ডার কিনেছেন। আর সেই হিসাব না থাকলে বাড়তি দামের দায় দোকানির, নাকি তার আগের ধাপের, তা নির্ধারণ করাও কঠিন হয়ে পড়ে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবু জাফর মজুমদার বলেন, ‘সাধারণ মানুষের ভোগান্তি কমাতে এবং বাজার নিয়ন্ত্রণে রাখতে জনস্বার্থে আনোয়ারায় এ ধরনের নিয়মিত অভিযান চলবে।’

বাংলাদেশ চিত্র অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন