বাসচাপায় পোশাকশ্রমিক নিহত, গাজীপুরে সড়ক অবরোধ

বাংলাদেশ চিত্র
প্রকাশ : ১৬ অক্টোবর ২০২৬, ০৬:৩৪ এএম

গাজীপুরের টঙ্গীতে সড়ক পারাপারের সময় ইউনাইটেড পরিবহনের বাসের চাপায় রহিমা নামে এক পোশাকশ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় সড়ক অবরোধ করে শ্রমিক-জনতা বিক্ষোভ শুরু করেন।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) রাত ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত রহিমা টঙ্গীর মাস্কো ইন্ডাস্ট্রিজে চাকরি করতেন। 

জানা গেছে, অফিসের কাজ শেষে রাত ৯টার দিকে সড়ক পারাপারের সময় দ্রুতগতির ইউনাইটেড পরিবহনের একটি বাস তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনার পরপরই শ্রমিক ও স্থানীয় জনতা ক্ষুব্ধ হয়ে সড়কে অবস্থান নেন। 

এ প্রতিবেদন লেখা পর্যন্ত সড়কের দুই পাশে শ্রমিক ও জনতার অবস্থানের কারণে যান চলাচল ব্যাহত হয়। এতে ওই এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।

টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ (ওসি) মাসুদুল আলম বলেন, ‘ঘটনাটি আমরা তদন্ত করছি। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। শ্রমিক ও জনতাকে সড়ক থেকে সরিয়ে পরিস্থিতি স্বাভাবিক করার ব্যবস্থা করা হচ্ছে।’

দুর্ঘটনার পর বাসটি আটক করা হয়েছে বলে জানান এ কর্মকর্তা।

বাংলাদেশ চিত্র অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন