চুয়াডাঙ্গার জীবননগরে অভিযান চালিয়ে ৪৫৩ বোতল উইন কোরেক্স ও এসকফ সিরাপ উদ্ধার করেছে থানা পুলিশ। এ ঘটনায় দেলোয়ার হোসেন নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) বিকেলে উপজেলার সীমান্ত ইউনিয়নের গয়েশপুর উত্তরপাড়া গ্রামে এ অভিযান চালিয়ে এসব মাদক উদ্ধার করা হয়।
পুলিশ জানিয়েছে, গয়েশপুর উত্তরপাড়া গ্রামের মো. আয়নাল মন্ডলের ছেলে দেলোয়ার হোসেনের বাড়িতে মাদকদ্রব্য মজুত রাখা হয়েছে- এমন সংবাদের ভিত্তিতে ওই বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় বাড়ির রান্নাঘর থেকে দুটি বস্তায় রাখা মোট ৪৫৩ বোতল উইন কোরেক্স ও এসকফ সিরাপ উদ্ধার করা হয়। এ সময় বাড়ির মালিক দেলোয়ার হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে।
জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোলায়মান শেখ বলেন, গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে। শুক্রবার তাকে আদালতে পাঠানো হবে।
