হারে শেষ হলো জ্যোতিদের ‘শিক্ষাসফর’

বাংলাদেশ চিত্র
প্রকাশ : ১৬ অক্টোবর ২০২৬, ০৮:৪২ এএম

অস্ট্রেলিয়া সফর শেষ হলো হতাশার হারে। বিশ্বচ্যাম্পিয়নদের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে একবারও প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলতে পারল না বাংলাদেশ নারী দল। প্রতিটি ম্যাচেই বড় ব্যবধানে হেরে তাহলিয়া ম্যাকগ্রাথের দলের কাছে হোয়াইটওয়াশ হয়েছে নিগার সুলতানা জ্যোতির দল। ব্যাটিংয়ে ধারাবাহিকতার অভাব, বোলিংয়ে ছন্দহীনতা—সব মিলিয়ে সফরজুড়েই ভুগেছে বাংলাদেশ। তবে ফলাফল হতাশাজনক হলেও এই সফরকে শিক্ষণীয় হিসেবেই দেখছেন অধিনায়ক জ্যোতি। অস্ট্রেলিয়ার মাটিতে প্রথমবার খেলতে গিয়ে অনেক কিছু শেখার সুযোগ পেয়েছে দল, যা ভবিষ্যতে কাজে লাগাতে চান তারা।

অস্ট্রেলিয়া সফর ঘিরে প্রত্যাশার পারদ খুব একটা উঁচুতে ছিল না বাংলাদেশের। শক্তি, সামর্থ্য ও র্যাংকিং—সব বিবেচনাতেই স্বাগতিকদের চেয়ে পিছিয়ে ছিল লাল-সবুজের প্রতিনিধিরা। তবু প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ক্রিকেটের পাশাপাশি কিছু ইতিবাচক পারফরম্যান্সের প্রত্যাশা ছিল। কিন্তু তিন ম্যাচের সিরিজে সেই প্রত্যাশা পূরণ হয়নি। সোবহানা মোস্তারির সেঞ্চুরি ছাড়া ব্যাটিংয়ে উল্লেখযোগ্য প্রাপ্তিও খুব বেশি নেই। তার পরও সফর থেকে পাওয়া অভিজ্ঞতাকে ভবিষ্যতের পাথেয় করে এগিয়ে যেতে চান জ্যোতি। শেষ ম্যাচের পর পুরস্কার বিতরণ অনুষ্ঠানে

বাংলাদেশ অধিনায়ক বলেন, ‘এখান থেকে আমাদের অনেক কিছু শেখার আছে, আর সেই শিক্ষাগুলো কাজে লাগিয়ে সামনে এগিয়ে যাওয়ার জন্য আমরা মুখিয়ে আছি।’

সিরিজজুড়েই বাংলাদেশের ব্যাটিংয়ে ছিল ধারাবাহিকতার অভাব। একেক ম্যাচে একেক ব্যাটার ভালো করলেও দলীয় প্রয়োজনে বড় অবদান রাখার ক্ষেত্রে ঘাটতি ছিল স্পষ্ট। শেষ ম্যাচে শারমিন আক্তার সুপ্তা ও স্বর্ণা আক্তারের ফিফটি সেই চিত্রেরই প্রতিফলন। ব্যক্তিগতভাবে ভালো শুরুর দেখা মিললেও তা দলীয় সাফল্যে রূপ দিতে পারেনি বাংলাদেশ।

বাংলাদেশ চিত্র অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন