জাতীয় সংসদে বেসরকারি সদস্যদের দাখিল করা কোনো বিল অসম্পূর্ণ বা ত্রুটিপূর্ণ হলে সংশ্লিষ্ট সংসদ সদস্যকে এক সপ্তাহের মধ্যে লিখিতভাবে ত্রুটির কারণ জানাতে সুপারিশ করেছে সংসদীয় কমিটি। একই সঙ্গে বেসরকারি সদস্যদের উত্থাপিত কোনো বিল অর্থ বিল হিসেবে বিবেচিত হলে রাষ্ট্রপতির সম্মতি গ্রহণের প্রক্রিয়া সহজ ও দ্রুত করার জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বলেছে কমিটি।
রোববার (২৫ অক্টোব) জাতীয় সংসদ ভবনে ত্রয়োদশ জাতীয় সংসদের ‘বেসরকারি সদস্যদের বিল ও বেসরকারি সদস্যদের সিদ্ধান্ত-প্রস্তাব’ সম্পর্কিত কমিটির দ্বিতীয় বৈঠকে এসব সুপারিশ করা হয়।
বৈঠকে সংসদের কার্যক্রম আরও গতিশীল ও কার্যকর করার লক্ষ্যে জনগুরুত্বপূর্ণ বিষয়ে বেসরকারি সদস্যদের বিল উত্থাপনের ক্ষেত্রে সংসদ সদস্যদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়ার বিষয়ে সংশ্লিষ্টদের পরামর্শ দেওয়া হয়।
সংসদে সরকারি সদস্যদের পাশাপাশি বেসরকারি সদস্যরাও বিভিন্ন জনস্বার্থসংশ্লিষ্ট বিষয়ে বিল উত্থাপন এবং সিদ্ধান্ত-প্রস্তাব উপস্থাপন করতে পারেন। এসব কার্যক্রম সুষ্ঠু ও কার্যকরভাবে পরিচালনার জন্য সংশ্লিষ্ট বিধিবিধান অনুসরণ এবং বিলের ত্রুটি দ্রুত শনাক্ত করার ওপর গুরুত্বারোপ করে কমিটি।
বৈঠকের শুরুতে কমিটির প্রথম বৈঠকের কার্যবিবরণী সংশোধন করে নিশ্চিত করা হয়। পরে বেসরকারি সদস্যদের বিল ও সিদ্ধান্ত-প্রস্তাব সম্পর্কিত কমিটির কার্যক্রম সম্পর্কে সদস্যদের অবহিত করা হয়। এ সময় আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় এবং জাতীয় সংসদ সচিবালয়ের কর্মকর্তাদের সঙ্গে কমিটির সদস্যদের পরিচিতি পর্বও অনুষ্ঠিত হয়।
কমিটির সভাপতি শাহজাহান চৌধুরী এমপির সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে কমিটির সদস্য আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান, মোছা. তাহসিনা রুশদীর, শাহজাহান চৌধুরী, মো. নূরুল ইসলাম এবং আখতার হোসেন অংশগ্রহণ করেন। এছাড়া বৈঠকে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তা এবং জাতীয় সংসদ সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
