জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রবাসী সংগঠন দেখভালের জন্য জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব আসিফ মাহমুদকে প্রধান করে ‘ডায়াস্পোরাবিষয়ক উপকমিটি’র গঠন করা হয়েছে। এ উপকমিটির উপপ্রধান করা হয়েছে জাতীয় নারী শক্তির সাবেক আহ্বায়ক মনিরা শারমিনকে।
সোমবার (২৬ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এনসিপির আহ্বায়ক মো. নাহিদ ইসলাম ও সদস্যসচিব আখতার হোসেনের অনুমোদনক্রমে দলের ডায়াস্পোরাবিষয়ক কার্যক্রমকে গতিশীল ও কার্যকর করা, দলীয় কার্যক্রমের সমন্বয় এবং প্রবাসী কল্যাণবিষয়ক কার্যক্রম সুসংহত করার লক্ষ্যে নিম্নোক্ত সদস্যদের সমন্বয়ে ‘ডায়াস্পোরাবিষয়ক উপ-কমিটি’ গঠন করা হলো।
এনসিপির ডায়াস্পোরা উপকমিটির সাংগঠনিক সম্পাদক হিসেবে আরও রয়েছেন রাফে সালমান রিফাত, তানজিল মাহমুদ, আয়মান রাহাত ও তারেক রেজা। সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে রয়েছেন রিদওয়ান হেসেন অক্ষর, আরাফাত হোসেন আলিফ, জসিম উদ্দিন ও আলমগীর চৌধুরী আকাশ। ব্যারিস্টার নুরুল হুদা জুনেদকে উপকমিটির প্রবাসী কল্যাণবিষয়ক সম্পাদক করা হয়েছে।
এর আগে, চলতি বছরের ১২ আগস্ট এনসিপির আন্তর্জাতিক সম্পর্ক, বৈশ্বিক যোগাযোগ, কূটনৈতিক সম্পৃক্ততা এবং প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে সমন্বয় ও কার্যক্রম আরও সুসংহত করতে ‘আন্তর্জাতিক সম্পর্ক ও ডায়াস্পোরা বিষয়ক উপকমিটি’ গঠন করা হয়েছিল।
