হ্যারি কেইনের ২০২৬ সালের ব্যালন ডি’অর জয় যেন বিশ্ব গণমাধ্যমকে দুই ভাগে বিভক্ত করে ফেলেছে। বিশেষ করে বায়ার্ন মিউনিখ তারকাকে সেরা হিসেবে কোনোভাবেই মেনে নিতে পারছে না আর্জেন্টিনার সংবাদমাধ্যমগুলো। র্যাঙ্কিংয়ে পঞ্চম স্থানে শেষ করলেও, আর্জেন্টাইনদের চোখে লিওনেল মেসিই এখনো বিশ্বের সেরা ফুটবলার।
মঙ্গলবার (২৭ অক্টোবর) সকালে আর্জেন্টাইন ক্রীড়া দৈনিক ‘ওলে’ তাদের প্রথম পাতায় কেইনের নাম নিয়ে রসিকতা করে একটি শিরোনাম প্রকাশ করে। তাদের ব্যঙ্গাত্মক শিরোনাম ছিল: ‘আউনকেইন গানেস ও পিয়েরদাস’। কেইনের নামের সঙ্গে মিলিয়ে লেখা কথাটি দিয়ে বোঝানো হয়েছে- ভোটের ফল যাই হোক, কেইন জিতুক বা হারুক, তাদের কাছে মেসিই সেরা।
পত্রিকাটি লেখে, ইউরোপীয়রা বায়ার্ন মিউনিখ তারকাকে বেছে নিয়ে ইতিহাসের সর্বকালের সেরা কিংবদন্তিকে পঞ্চম স্থানে নামিয়ে দিলেও, আমাদের কাছে মেসি সবসময়ই সেরা।
কেবল ভোটিং প্রক্রিয়া নিয়েই সন্দেহ প্রকাশ করে ক্ষান্ত হয়নি আর্জেন্টাইন সংবাদমাধ্যম। কেইনের ক্যারিয়ারের পুরোনো ক্ষত খুঁচিয়ে তুলে তারা স্মরণ করিয়ে দিয়েছে গত বিশ্বকাপের সেমিফাইনালের কথা, যেখানে ইংল্যান্ডকে বিদায় করেছিল আর্জেন্টিনা। সেই হারকে কেইনের ক্যারিয়ারের এক স্থায়ী কলঙ্ক হিসেবে চিহ্নিত করেছে তারা।
প্রতিবেদনে বলা হয়, সেমিফাইনালে মেসি এবং আর্জেন্টিনার কাছে হেরে যাওয়ার দাগ কখনো মুছবে না। যাই ঘটুক না কেন, লিওনেল মেসি আমাদের কাছে সেরা হয়েই থাকবেন এবং বিশ্বকাপ সেই সত্য আরও একবার প্রমাণ করে দিয়েছে।
উল্লেখ্য, ২০২৬ সালের ব্যালন ডি’অরের লড়াইয়ে ফ্রান্সের কিলিয়ান এমবাপ্পেকে দ্বিতীয় ও স্পেনের লামিন ইয়ামালকে তৃতীয় স্থানে রেখে শীর্ষ খেতাব জয় করেন হ্যারি কেইন। তালিকার চতুর্থ স্থানে ছিলেন রদ্রি এবং পঞ্চম স্থানে অবস্থান করছেন মেসি।
সূত্র: গোলডটকম
