বীরমুক্তিযোদ্ধা মানিক পশারীর জানাজা ও দাফন নিয়ে বাধা দেওয়ার ঘটনার তদন্তে দুই সদস্যের কমিটি গঠন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। কমিটিকে আগামী তিন দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
মঙ্গলবার (২৭ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীতে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে দলের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বিশেষ বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন জামায়াতের আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।
দলের সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি এহসানুল মাহবুব জুবায়ের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, পিরোজপুরে সাম্প্রতিক সময়ে সংঘটিত ঘটনা নিয়ে বৈঠকে বিস্তারিত আলোচনা হয়েছে। ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে এর সঙ্গে সংগঠনের কেউ জড়িত কি না, তা খতিয়ে দেখবে তদন্ত কমিটি। এ বিষয়ে তদন্ত কমিটিকে সার্বিক সহযোগিতা করার জন্য স্থানীয় সংগঠনকে নির্দেশ দেওয়া হয়েছে।
তদন্ত কমিটির দুই সদস্য হলেন সাইফুল আলম খান মিলন এমপি ও নূরুল ইসলাম বুলবুল এমপি।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, কমিটিকে আগামী তিন দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে হবে।
