ব্যালন ডি’অরে মেসি পঞ্চম, বিস্ফোরক মন্তব্য সাবেক ফুটবলারের

বাংলাদেশ চিত্র
প্রকাশ : ২৯ অক্টোবর ২০২৬, ০৫:৪৪ এএম

ব্যালন ডি’অরের লড়াইয়ে এবার কিলিয়ান এমবাপ্পে ও লামিন ইয়ামালকে পেছনে ফেলে সেরার মুকুট জিতেছেন ইংল্যান্ডের হ্যারি কেইন। এই জয়ের মধ্য দিয়েই ইতিহাসের পাতায় জায়গা করে নিয়েছেন বায়ার্ন
মিউনিখের এই ইংলিশ স্ট্রাইকার। ইংল্যান্ডের পঞ্চম ফুটবলার হিসেবে ব্যালন ডি’অর পুরস্কার জয়ের অবিস্মরণীয় কীর্তি গড়লেন হ্যারি কেইন।

এবারের ব্যালন ডি’অর র‍্যাঙ্কিংয়ে লিওনেল মেসির অবস্থান পঞ্চম। আটবারের ব্যালন ডি’অর জয়ীর এই অবস্থান নিয়ে প্রশ্ন তুলেছেন মরক্কোর সাবেক ফুটবলার মেধি বেনাতিয়া। শুধু তাই নয়? বায়ার্ন মিউনিখের ফরাসি তারকা মাইকেল ওলিসের নবম স্থান নিয়েও অসন্তোষ প্রকাশ করেছেন তিনি। খবর গোল ডটকমের। 

সাবেক মার্সেই স্পোর্টিং ডিরেক্টর বেনাতিয়ার মতে, মেসি পুরো বছর যুক্তরাষ্ট্রের মায়ামিতে খেলেছেন। তাই তার পঞ্চম স্থান অর্জন নিয়ে প্রশ্ন তোলার সুযোগ রয়েছে। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আপনি পুরো বছর মিয়ামিতে কাটালেন, এরপর মৌসুম শেষে পঞ্চম হলেন? ইউরোপের ফুটবল সমর্থকরা কি ওলিসের চেয়ে মেসিকে বেশি দেখেছেন?’

মেসির প্রতি শ্রদ্ধা রেখেই নিজের অবস্থান ব্যাখ্যা করেছেন বেনাতিয়া। আর্জেন্টাইন তারকার বিশ্বকাপ পারফরম্যান্সের প্রশংসা করে তিনি বলেন, ‘এটা সত্যি যে বিশ্বকাপে তিনি অসাধারণ ছিলেন। পুরো দলও তার জন্য খেলে। তার প্রতি আমার পূর্ণ শ্রদ্ধা আছে, কারণ তিনি আমাদের সমসাময়িক। কিন্তু মেসি কীভাবে পঞ্চম স্থানে থাকতে পারেন, সেটি আমাকে বোঝানো কঠিন।’

শুধু মেসি নন, র‍্যাঙ্কিংয়ে স্পেনের রদ্রির অবস্থান নিয়েও প্রশ্ন তুলেছেন বেনাতিয়া। তার দাবি, পুরো মৌসুমে মাত্র চার মাস খেলেও রদ্রি কীভাবে চতুর্থ স্থান পেলেন, তা বোধগম্য নয়।

মেসি, ওলিস ও রদ্রির অবস্থান নিয়ে বেনাতিয়ার মন্তব্যের পর ২০২৬ সালের ব্যালন ডি’অরের ভোট ও র‍্যাঙ্কিংয়ের মানদণ্ড নিয়ে নতুন করে আলোচনা তৈরি হয়েছে।

বাংলাদেশ চিত্র অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সর্বশেষ সব খবর