সর্বকালের সেরা ব্যালন ডি’অরজয়ী মৌসুমের স্বীকৃতি পেয়েছে ক্রিস্টিয়ানো রোনালদোর ২০০৮ সালের পারফরম্যান্স। তবে এই স্বীকৃতি ঘিরেই তৈরি হয়েছে বিতর্ক। কারণ, ভোট দিতে অর্থ খরচ করতে হয়েছে সমর্থকদের, আবার একাধিকবার ভোট দেওয়ার সুযোগও ছিল।
ফ্রান্স ফুটবল আয়োজিত ‘ব্যালন ডি’অর অব অল টাইম’ বা বিওএটি ভোটে রোনালদোর ২০০৮ সালের মৌসুম পেছনে ফেলেছে লিওনেল মেসির ২০১২ সালের পারফরম্যান্সকে। সে বছর ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে দুর্দান্ত খেলেছিলেন রোনালদো। দলকে জিতিয়েছিলেন প্রিমিয়ার লিগ ও চ্যাম্পিয়নস লিগের শিরোপা। এটি ছিল তার ক্যারিয়ারের প্রথম ব্যালন ডি’অর জয়।
তবে ভোটের নিয়ম নিয়েই প্রশ্ন উঠেছে। প্রতিটি ভোট দিতে খরচ হয়েছে এক ইউরো। একই ব্যক্তি একাধিকবার ভোট দিতে পারায় ফলাফলের নিরপেক্ষতা নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। প্রকাশিত তথ্য অনুযায়ী, ৫ হাজার ৯ জন একাধিকবার ভোট দিয়েছেন। তাদের মধ্যে ৪ হাজার ৬৬৫ জন দুই থেকে চারবার, ৩০০ জন পাঁচ থেকে নয়বার এবং ৪৪ জন ১০ থেকে ২৬ বার পর্যন্ত ভোট দিয়েছেন।
এ কারণে মেসির সমর্থকদের একাংশ মনে করছেন, ভোটের ফলাফল দিয়ে দুই তারকার পারফরম্যান্সের যথার্থ তুলনা করা কঠিন। ২০১২ সালে মেসি এক পঞ্জিকাবর্ষে ৯১ গোল করেছিলেন, যা তার অসাধারণ মৌসুমের অন্যতম উদাহরণ।
তথ্যসূত্র: গোল.কম
