৪ ঘণ্টা বিলম্বের পর উড়ল প্রধানমন্ত্রীকে বহনকারী উড়োজাহাজ

বাংলাদেশ চিত্র
প্রকাশ : ৩০ অক্টোবর ২০২৬, ০৪:৫৯ এএম

প্রায় ৪ ঘণ্টা বিলম্বের পর প্রধানমন্ত্রীকে বহনকারী উড়োজাহাজটি জাপান সময় রাত ১০টা ৪৫ মিনিটের দিকে নারিতা বিমানবন্দর ছেড়ে গেছে। উড়োজাহাজটিতে প্রধানমন্ত্রী তারেক রহমান, তার স্ত্রী ডা. জুবাইদা রহমান ও সফরসঙ্গী দলের অন্য সদস্যরা রয়েছেন। রাত আনুমানিক ২ টার দিকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে বহনকারী উড়োজাহাজটি অবতরণের কথা রয়েছে।

এর আগে, প্রধানমন্ত্রীকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের উড়োজাহাজটিতে কারিগরি ত্রুটি দেখা দেওয়ায় জাপানের টোকিও থেকে ঢাকাগামী ফ্লাইটের বিলম্ব হয়। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) স্থানীয় সময় সন্ধ্যায় নারিতা আন্তর্জাতিক বিমানবন্দরে উড্ডয়নের প্রস্তুতির সময় এ ত্রুটি দেখা দিয়েছিল।

স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ১৮ মিনিটের দিকে উড়োজাহাজটি টার্মিনাল ছেড়ে রানওয়ের দিকে যায়। তবে উড্ডয়নের আগেই রানওয়েতে থেমে যায় সেটি। প্রায় ১৫ মিনিট পর পাইলট ইমামুল ঘোষণা করেন, কারিগরি সমস্যার কারণে উড়োজাহাজটি উড্ডয়ন করতে পারছে না।

তিনি আরও জানান, দুই প্রকৌশলী ত্রুটি সারানোর কাজ করছেন। সমস্যা সমাধান হলে ফ্লাইটটি আবার যাত্রা শুরু করবে। পরে উড়োজাহাজটি ফিরিয়ে টারমাকে নেওয়া হয়।

জাপানে চার দিনের রাষ্ট্রীয় সফর শেষে বৃহস্পতিবার স্থানীয় সময় সন্ধ্যা ৬টায় টোকিও থেকে ঢাকার উদ্দেশে প্রধানমন্ত্রীর রওনা হওয়ার কথা ছিল। ফ্লাইটটির বাংলাদেশ সময় রাত ১০টা ৩৫ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা ছিল।

বাংলাদেশ চিত্র অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন