আজকের মধ্যে সরকারি বাসার ভাড়াটিয়া সরানোর নির্দেশ

বাংলাদেশ চিত্র
প্রকাশ : ৩১ অক্টোবর ২০২৬, ১১:৩৩ এএম

সরকারি বাসা ভাড়া বা সাবলেট দিলেই বরাদ্দ বাতিল, এমন হুঁশিয়ারি দিয়ে গত বৃহস্পতিবার (২৯ অক্টোবর) গণবিজ্ঞপ্তি জারি করেছে সরকারি আবাসন পরিদপ্তর। গণবিজ্ঞপ্তিতে শনিবারের (৩১ অক্টোবর) মধ্যে ওই সব বাসা থেকে ভাড়াটিয়াদের সরিয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। বরাদ্দ পাওয়া ব্যাক্তিকেই বসবাস করতে বলা হয়েছে।

গণবিজ্ঞপ্তিতে জানানো হয়, সম্প্রতি পরিদর্শনে দেখা গেছে, বরাদ্দ পাওয়া কয়েকজন ব্যক্তি তাদের বাসা বা ফ্ল্যাটের এক বা একাধিক কক্ষ কিংবা পুরো বাসা অন্যদের কাছে ভাড়া বা সাবলেট দিয়েছেন। এ ধরনের কার্যক্রম বাংলাদেশ বরাদ্দ বিধিমালা, ১৯৮২-এর পরিপন্থী।

এতে বলা হয়, এরই মধ্যে যারা বাসা বা ফ্ল্যাটের কোনো অংশ কিংবা পুরোটা অন্যের কাছে ভাড়া বা সাবলেট দিয়েছেন, তাদের ৩১ অক্টোবরের মধ্যে ভাড়াটিয়া বা সাবলেটগ্রহীতাকে সরিয়ে দিয়ে বরাদ্দ পাওয়া বাসায় নিজে বসবাসের নির্দেশ দেওয়া হয়েছে। 

পরিদপ্তর সতর্ক করে জানায়, নির্ধারিত সময়ের পর কোনো বাসা বা ফ্ল্যাট ভাড়া বা সাবলেট দেওয়ার প্রমাণ পাওয়া গেলে বিধি অনুযায়ী কোনো নোটিশ ছাড়াই বরাদ্দ বাতিল করা হবে। একই সঙ্গে দোষীদের বিরুদ্ধে বিভাগীয় ও আইনি ব্যবস্থা নেওয়া হবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বাংলাদেশ বরাদ্দ বিধিমালার ১৪(৩) বিধি অনুযায়ী, সংশ্লিষ্ট বরাদ্দগ্রহীতার দপ্তরপ্রধান ও নিয়োগকারী কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হবে।

বাংলাদেশ চিত্র অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন