আর্সেনাল মিডফিল্ডারকে প্রশংসায় ভাসালেন ক্যারাগার

বাংলাদেশ চিত্র
প্রকাশ : ৩ নভেম্বর ২০২৬, ১২:০১ এএম

অ্যানফিল্ডে লিভারপুলের বিপক্ষে আর্সেনালের কষ্টার্জিত জয়ের পর গানার্স তারকা ডেকলান রাইসকে প্রশংসায় ভাসিয়েছেন লিভারপুলের সাবেক ডিফেন্ডার ও বিশ্লেষক জেমি ক্যারাগার। তার মতে, বর্তমান সময়ে রাইস প্রিমিয়ার লিগের সেরা মিডফিল্ডার।

রোববার (১ নভেম্বর) অ্যানফিল্ডে কাই হাভার্টজের একমাত্র গোলে ১-০ গোলের জয় পেয়েছে আর্সেনাল। ম্যাচের ভাগ্য নির্ধারণী গোলটি আসে হাভার্টজের পা থেকে, যার মূল কারিগর ছিলেন রাইস। তার নিখুঁত ও চমৎকার পাস থেকেই দূরের পোস্টে বল জালে জড়ান জার্মান ফরোয়ার্ড। এই জয়ের সুবাদে লিভারপুলকে পেছনে ফেলে প্রিমিয়ার লিগের পয়েন্ট টেবিলের শীর্ষস্থানে উঠে এসেছে মিকেল আর্তেতার দল, আর লিভারপুল নেমে গেছে পঞ্চম স্থানে।

ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদে ম্যাচসেরার পুরস্কার জেতেন ডেকলান রাইস। আর এই সিদ্ধান্তের সঙ্গে পুরোপুরি একমত পোষণ করেছেন ক্যারাগার। এমনকি তিনি আরও এক ধাপ এগিয়ে দাবি করেছেন, রাইস কেবল বর্তমান প্রিমিয়ার লিগেরই সেরা নন, তিনি আর্সেনাল ক্লাবের ইতিহাসেও অন্যতম সেরা খেলোয়াড়দের একজন।

স্কাই স্পোর্টসকে দেওয়া প্রতিক্রিয়ায় ক্যারাগার বলেন, ডেকান রাইস অন্য যেকোনো উপায়ে প্রিমিয়ার লিগের সেরা মিডফিল্ডার। এ নিয়ে কোনো বিতর্কের অবকাশ নেই।

তিনি আরও বলেন, আমি আর্সেনালের কোনো সমর্থক নই। তবে মাঝেমধ্যে তার সম্পর্কে নেতিবাচক কথা বলতে শুনি, যা দেখে আমি অবাক হই। কারণ তারা হয় ফুটবল বোঝে না, অথবা আমি যে ম্যাচগুলো দেখছি তারা সেই ম্যাচগুলো দেখছে না।

সাবেক এই ইংলিশ ডিফেন্ডার আরও যোগ করেন, তিনি একজন বিশ্বমানের মিডফিল্ডার। এ নিয়ে বিন্দুমাত্র সন্দেহ নেই। আর্সেনালের হয়ে অতীতে অনেক কিংবদন্তি খেলোয়াড় খেলেছেন, তাদের ঠিক পরেই সর্বকালের সেরা মিডফিল্ডারদের কাতারে তার নাম আসবে।

বাংলাদেশ চিত্র অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন