মতলবে ডাকাতের কবলে প্রথম আলোর সাংবাদিক আলম পলাশ

নিউজ ডেস্ক
প্রকাশ : ৪ নভেম্বর ২০২৬, ১২:১৯ এএম

প্রথম আলো প্রতিনিধি সম্মেলনে যোগ দিতে ঢাকায় যাওয়ার পথে ডাকাতের হামলার শিকার হয়েছেন চাঁদপুরের প্রথম আলোর প্রতিনিধি আলম পলাশ। মঙ্গলবার (৩ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার গালিমখা এলাকায় শ্রী রায়ের চর সেতুর কাছাকাছি এ ঘটনা ঘটে। দুর্বৃত্তদের ছোড়া ইটের আঘাতে প্রাইভেটকারের সামনের গ্লাস ভেঙে যায়। এতে গাড়ির সামনের আসনে থাকা আলম পলাশ শরীরের বিভিন্ন স্থানে কাচের আঘাত পান।

জানা গেছে, আলম পলাশ প্রথম আলোর প্রতিনিধি সম্মেলনে অংশ নিতে চাঁদপুরের বাবুরহাট থেকে একটি প্রাইভেটকারে ঢাকার উদ্দেশ্যে রওনা হন। পথে গালিমখা এলাকায় পৌঁছালে তিনজন দুর্বৃত্ত গাড়ির সামনে সজোরে ইট ছুড়ে মারে। এতে গাড়ির সামনের কাচ ভেঙে চুরমার হয়ে যায়।

ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক ভিডিও বার্তায় আলম পলাশ জানান, তিনজন দুর্বৃত্ত গাড়িটিতে হামলা চালায়। তবে চালক গাড়ি না থামিয়ে দ্রুতগতিতে ঘটনাস্থল ত্যাগ করায় বড় ধরনের বিপদ থেকে রক্ষা পান তারা। গাড়িতে দুই নারী ও একজন প্রবাসীও ছিলেন। সবাই নিরাপদে রয়েছেন।

ভিডিও বার্তায় তিনি বলেন, মতলব উত্তরের শ্রী রায়ের চর সেতুর প্রায় তিন কিলোমিটার আগে তাদের গাড়িতে হামলা হয়। দুর্বৃত্তদের হামলায় গাড়ির সামনের অংশের কাচ ভেঙে গেছে। চালকের সতর্কতায় গাড়ি না থামিয়ে দ্রুত চলে আসায় তারা রক্ষা পেয়েছেন।

মুঠোফোনে আলম পলাশ বলেন, প্রথম আলোর প্রতিনিধি সম্মেলনে যোগ দিতে বাবুরহাট থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছিলেন তিনি। মতলব উত্তরের শ্রী রায়ের চর (গালিমখা) এলাকায় পৌঁছালে দুর্বৃত্তরা গাড়ির সামনে আঘাত করে। এতে সামনের গ্লাস ভেঙে তার শরীরের বিভিন্ন স্থানে কাচের আঘাত লাগে। গাড়িতে থাকা দুই নারী ও একজন প্রবাসীসহ সবাই বড় ধরনের বিপদ থেকে রক্ষা পেয়েছেন।

এ বিষয়ে মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মানস বড়ুয়া জানান, ঘটনার খবর পাওয়ার পর ওই এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।

বাংলাদেশ চিত্র অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন