রোনালদোর বিদায় নিয়ে এবার মুখ খুললেন ফিফা সভাপতি

বাংলাদেশ চিত্র
প্রকাশ : ৬ নভেম্বর ২০২৬, ০১:৪২ পিএম

আন্তর্জাতিক ফুটবল থেকে ক্রিশ্চিয়ানো রোনালদোর বিদায়ের ঘোষণায় প্রতিক্রিয়া জানিয়েছেন ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো। পর্তুগিজ কিংবদন্তির জাতীয় দল ছাড়ার ঘোষণার কয়েক ঘণ্টা পর নিজের অফিসিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে আবেগঘন বার্তা দেন তিনি।

যেখানে সুইস-ইতালিয়ান এই ফুটবল প্রশাসক লেখেন, খুব কম খেলোয়াড়ই রোনালদোর মতো করে ফুটবলভক্তদের হৃদয় স্পর্শ করতে পেরেছেন। তার ভাষায়, অসাধারণ প্রতিভা, অটল সংকল্প এবং সম্ভাবনার সীমা ছাড়িয়ে যাওয়ার নিরন্তর আকাঙ্ক্ষাই রোনালদোর ক্যারিয়ারকে সংজ্ঞায়িত করেছে।

ইনফান্তিনো বলেন, রোনালদোর অর্জিত পরিসংখ্যান সম্ভবত আর কেউ পুনরাবৃত্তি করতে পারবে না। বিশেষ করে আন্তর্জাতিক ফুটবলে সর্বোচ্চ গোলদাতার মর্যাদা এবং প্রথম খেলোয়াড় হিসেবে ছয়টি বিশ্বকাপে অংশগ্রহণের কৃতিত্বের কথা উল্লেখ করেন তিনি।

ফিফা প্রেসিডেন্ট বলেন, ‘ক্রিশ্চিয়ানো এমন কিছু কীর্তি গড়েছেন, যা সম্ভবত আর কখনো পুনরাবৃত্তি করা যাবে না। তবে তার অবদান কেবল রেকর্ড, শিরোপা ও গোলের মধ্যে সীমাবদ্ধ নয়। তিনি একটি প্রজন্মকে অনুপ্রাণিত করেছেন, লাখ লাখ ভক্তকে এক সুতোয় বেঁধেছেন এবং পর্তুগালের আশা ও গৌরবকে বিশ্বের সর্বশ্রেষ্ঠ মঞ্চে বহন করে নিয়ে গেছেন।’

বার্তার শেষে রোনালদোকে ধন্যবাদ জানান ইনফান্তিনো। তিনি লেখেন, ‘ধন্যবাদ ক্রিশ্চিয়ানো, আপনার ভালোবাসা, অবিস্মরণীয় মুহূর্ত এবং আমাদের সুন্দর খেলায় আপনার বিশাল অবদানের জন্য। অনেক গর্বের সঙ্গে আপনি পর্তুগিজ জাতীয় দলের জার্সি গায়ে চাপিয়েছেন। আপনার আন্তর্জাতিক ক্যারিয়ার চিরকাল ফুটবল ইতিহাসের অংশ হয়ে থাকবে।’ 

বাংলাদেশ চিত্র অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন