দক্ষিণ আফ্রিকা সফরের আগে বাংলাদেশ শিবিরে দুঃসংবাদ

বাংলাদেশ চিত্র
প্রকাশ : ৬ নভেম্বর ২০২৬, ১০:৪৮ পিএম

সিলেট টেস্টের দ্বিতীয় দিন ফিল্ডিং করতে গিয়ে বাঁ পায়ের গোড়ালিতে গুরুতর চোট পেয়েছেন ওপেনার সাদমান ইসলাম। এতে চলমান টেস্টের প্রথম ইনিংসে তার ব্যাট করা অনিশ্চিত হয়ে পড়েছে। চোটের মাত্রা বেশি হলে সপ্তাহখানেক পর শুরু হতে যাওয়া দক্ষিণ আফ্রিকা সিরিজ থেকেও ছিটকে যেতে পারেন তিনি।

ইতোমধ্যে তাকে হাসপাতালে নিয়ে স্ক্যান করানো হয়েছে। শনিবার স্ক্যানের প্রতিবেদন পাওয়ার পর চোটের প্রকৃত অবস্থা ও মাঠে ফিরতে কত দিন লাগতে পারে, সে বিষয়ে বিস্তারিত জানা যাবে। তবে নিশ্চিত হওয়া গেছে, এই টেস্টের প্রথম ইনিংসে ব্যাট করতে পারবেন না তিনি।

বিসিবির এক বিজ্ঞপ্তিতে বাংলাদেশ দলের ফিজিও বায়েজীদুল ইসলাম জানিয়েছেন, সাদমান আপাতত প্রথম ইনিংসে ব্যাট করার মতো অবস্থায় নেই।

বায়েজীদুল ইসলাম বলেন, সাদমান আজ বাঁ পায়ের গোড়ালিতে ব্যথা পেয়েছেন। পরবর্তীতে আর ফিল্ডিং করতে পারেননি। আমরা ওকে পর্যবেক্ষণে রেখেছি। পাশাপাশি স্ক্যান করানো হয়েছে। মনে হয়েছে তার একটা ইনজুরি আছে। কাল স্ক্যানের রিপোর্ট পাব। তারপর বিস্তারিত জানা যাবে, কতদিন লাগতে পারে। এই মুহূর্তে তিনি প্রথম ইনিংসে ব্যাট করার মতো কন্ডিশনে নেই।

তবে দিন শেষে সংবাদ সম্মেলনে সাদমানের শারীরিক অবস্থা নিয়ে কথা বলেছেন সতীর্থ হাসান মাহমুদ। তিনি বলেন, সাদমান ভাই এখন বিপদমুক্ত। ঠিক আছেন এখন। সামনে আরেকটু দেখবে হয়তো। কী অবস্থা, কতদিন লাগবে (মাঠে ফিরতে) এগুলো ফিজিও জানাবেন। 

এদিকে পায়ের ব্যথার পাশাপাশি গোড়ালি তীব্রভাবে ফুলে যাওয়ায় হাঁটতে পারছেন না সাদমান। এ কারণে তাকে হুইলচেয়ারে বসতে হয়েছে। হাসপাতালে এমআরআই ও স্ক্যানের প্রতিবেদন পাওয়ার পরই বোঝা যাবে, তার চোট কতটা গুরুতর এবং মাঠে ফিরতে কত দিন সময় লাগতে পারে।

বাংলাদেশ চিত্র অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন