ভারতের দীপাবলি মাটি করে চিরকুটে কী বার্তা দিলেন পাকিস্তানের জয়ের নায়ক?

বাংলাদেশ চিত্র
প্রকাশ : ৯ নভেম্বর ২০২৬, ০১:১৭ এএম

ভারতের বিরুদ্ধে ম্যাচ জেতানো সেঞ্চুরি! আর সেই শতরানের পর পকেট থেকে বের করলেন একটি ছোট্ট চিরকুট। ক্যামেরার সামনে মেলে ধরলেন নিজের হাতে লেখা কয়েকটি লাইন। তাতে ছিল ম্যাচের আগে নিজের কাছে করা প্রতিজ্ঞা। চেয়েছিলেন, ভারতের বিপক্ষে অন্তত ৫০ রান করবেন। কিন্তু সেই লক্ষ্য ছাপিয়ে গেলেন দ্বিগুণ করে! ৫০ রানের বদলে করলেন অপরাজিত ১০০। পাকিস্তানকে ৩ উইকেটে জিতিয়ে চিরকুট দেখিয়ে হামজা জহুরের সেই সেলিব্রেশন এখন আলোচনার কেন্দ্রে। অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে ভারতের বিপক্ষে তার ব্যাটিং যতটা নজর কেড়েছে, তার চেয়েও বেশি আলোচনা হচ্ছে এই অভিনব উদ্‌যাপন নিয়ে।

ম্যাচের আগে নিজের কাছেই একটা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিলেন হামজা। সেই চ্যালেঞ্জের কথা লিখে রেখেছিলেন একটি ছোট্ট কাগজে। তাতে লেখা ছিল, ‘Tomorrow match, 50 inshallah. Hamza Zahoor. I am the best।’ অর্থাৎ, পরের দিন ম্যাচে ৫০ রান করবেন হামজা জহুর। সঙ্গে নিজের নাম লিখে যোগ করেছিলেন, ‘আমিই সেরা’।

মাঠে নেমে সেই প্রতিজ্ঞা যে এ ভাবে পূরণ করবেন, তা হয়তো নিজেও ভাবেননি পাকিস্তানের এই তরুণ ব্যাটার। ৫০ রানের লক্ষ্য নিয়ে শুরু করলেও শেষ পর্যন্ত অপরাজিত শতরান করেন তিনি। আর জয়ের রান আসতেই যেন নিজের সেই প্রতিজ্ঞার কথা মনে পড়ে যায় হামজ়ার। হেলমেট খুলে উচ্ছ্বাস প্রকাশ করেন। তারপর পকেটে হাত ঢুকিয়ে বের করে আনেন সেই চিরকুট। ক্যামেরার সামনে কাগজটি মেলে ধরে সবাইকে দেখিয়ে দেন নিজের হাতে লেখা কথাগুলো। যেন গোটা ক্রিকেটবিশ্বকে জানিয়ে দিলেন, ম্যাচের আগে নিজের কাছে যে কথা দিয়েছিলেন, তা শুধু রাখেননি, প্রত্যাশাকেও ছাপিয়ে গেছেন।

চিরকুটের ‘৫০’ পেরিয়ে তার সংগ্রহ তখন ১০০। অর্থাৎ, নিজের লক্ষ্যের দ্বিগুণ! শুধু ম্যাচ জেতানো নয়, নিজের উপর বিশ্বাস রাখার এই বার্তাও উদ্‌যাপনের মাধ্যমে তুলে ধরেন হামজা। ম্যাচের পর নিজের ইনিংস ভাইকে উৎসর্গ করার কথাও জানান তিনি। ফলে তার এই সেলিব্রেশন ঘিরে আলাদা আবেগও তৈরি হয়েছে।

হামজার এই চিরকুট-সেলিব্রেশনের নেপথ্যে রয়েছে দুর্দান্ত এক লড়াইয়ের গল্প। একটা সময় ৬১ রানে ৫ উইকেট হারিয়ে প্রচণ্ড চাপে পড়ে গিয়েছিল পাকিস্তান। ভারতের বোলাররা তখন ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নিয়ে নিয়েছেন। সেই পরিস্থিতিতে ক্রিজে এসে ইনিংসের হাল ধরেন হামজা। হাসনাইন আব্বাস দারের  সঙ্গে ষষ্ঠ উইকেটে ১০৭ রানের জুটি গড়েন তিনি। শুরুতে সাবধানে খেললেও পরে আক্রমণাত্মক হয়ে ওঠেন। ৫৫ বলে অর্ধশতরান পূর্ণ করার পর আর পিছনে ফিরে তাকাননি। শেষ পর্যন্ত ১০৮ বলে ১০০ রানে অপরাজিত থাকেন তিনি। তার ইনিংসে ছিল ১০টি চার ও ৩টি ছয়।

এ দিন প্রথমে ব্যাট করে ২০৮ রান করেছিল ভারত। শুরুতে ২২ রানে ৩ উইকেট হারিয়ে বিপাকে পড়লেও অর্জুন রাজপুতের ৮৫ বলে ১০৭ রানের ইনিংসে লড়াই করার মতো স্কোর করে ভারত। তার ইনিংসে ছিল ১১টি চার ও ৫টি ছয়। কিন্তু রান তাড়া করতে নেমে ৬১ রানে ৫ উইকেট হারিয়েও ঘুরে দাঁড়ায় পাকিস্তান। হামজার অপরাজিত শতরানে ১১ বল বাকি থাকতেই ৩ উইকেটে ম্যাচ জিতে নেয় তারা। এই জয়ের ফলে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে টানা দ্বিতীয় সংস্করণে ভারতকে হারাল পাকিস্তান। গ্রুপ এ-র শীর্ষেও উঠে এল তারা। অন্য দিকে, ভারতের পরের ম্যাচ ১০ নভেম্বর সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে। 

বাংলাদেশ চিত্র অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন