টেকসই নগরায়ণের লক্ষ্যে মাস্টারপ্ল্যানের কাজ চলছে: গণপূর্তমন্ত্রী

বাংলাদেশ চিত্র
প্রকাশ : ৯ নভেম্বর ২০২৬, ০২:১২ এএম

টেকসই নগরায়ণের লক্ষ্যে দেশের প্রতিটি সিটি করপোরেশন ও জেলার জন্য মাস্টারপ্ল্যান তৈরির কাজ চলছে বলে জানিয়েছেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী জাকারিয়া তাহের।

রোববার (৮ নভেম্বর) রাজধানীর সেগুনবাগিচায় স্থাপত্য অধিদপ্তরের সম্মেলনকক্ষে বিশ্ব নগর পরিকল্পনা দিবস উপলক্ষে আয়োজিত এক সেমিনারে তিনি এ কথা বলেন।

গণপূর্তমন্ত্রী বলেন, ‘সরকারের লক্ষ্য কেন্দ্রীভূত নগরায়ণ নয়; বরং বিকেন্দ্রীকৃত ও সুষম নগর এবং আঞ্চলিক উন্নয়ন নিশ্চিত করা। বাসস্থান মানে শুধু চার দেয়াল নয়, তার সঙ্গে জড়িয়ে আছে নিরাপদ পানি, বিদ্যুৎ, স্যানিটেশন, গণপরিবহন, শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান ও মর্যাদাপূর্ণ জীবনের পরিবেশ।’

তিনি বলেন, ‘টেকসই নগরায়ণের লক্ষ্যে দেশের প্রতিটি সিটি করপোরেশন ও জেলার জন্য মাস্টাপ্ল্যান তৈরির কাজ চলছে। ঢাকার চারপাশে সেকেন্ডারি টাউনশিপ গড়ে তোলার পরিকল্পনার পাশাপাশি নগর উন্নয়ন অধিদপ্তর প্রথমবারের মতো ১০ বছর মেয়াদি পরিকল্পনা গ্রহণ করেছে। মেট্রোপলিটন শহর থেকে শুরু করে ধাপে ধাপে উপজেলা পর্যায় পর্যন্ত এ পরিকল্পনা সম্প্রসারিত করা হবে।’

জাকারিয়া তাহের জানান, টেকসই উন্নয়ন, অর্থনৈতিক প্রবৃদ্ধি, জীববৈচিত্র্য সংরক্ষণ, জলবায়ু ও দুর্যোগ সহনশীলতা এবং কৃষি ও পরিবেশ সুরক্ষাকে প্রাধান্য দিয়ে ‘স্থানিক পরিকল্পনা আইন, ২০২৬’ প্রণয়ন করা হয়েছে। এ আইনের আওতায় নগর উন্নয়ন অধিদপ্তর জাতীয় ও আঞ্চলিক স্থানিক পরিকল্পনা প্রণয়নের পাশাপাশি নীতিগত কাঠামো তৈরি করবে।

গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব মো. ওবায়দুর রহমানের সভাপতিত্বে সেমিনারে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর। স্বাগত বক্তব্য দেন নগর উন্নয়ন অধিদপ্তরের পরিচালক (অতিরিক্ত সচিব) ড. মো. মাহমুদ আলী। সেমিনারে বিভিন্ন উন্নয়ন কর্তৃপক্ষ, এলজিইডি, সিটি কর্পোরেশন, পৌরসভা, সংশ্লিষ্ট সরকারি সংস্থা, একাডেমিয়া ও সুশীল সমাজের প্রতিনিধিগণ অংশ নেন।

বাংলাদেশ চিত্র অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন