প্রতিপক্ষকে ৯৮ রানে গুঁড়িয়ে এশিয়া কাপে টাইগারদের দাপুটে জয়

বাংলাদেশ চিত্র
প্রকাশ : ৯ নভেম্বর ২০২৬, ০৭:৩২ পিএম

মালয়েশিয়া অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে ব্যাটিংয়ের পর বল হাতেও দাপট দেখিয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি) অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের গ্রুপ ‘বি’-এর ম্যাচে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ৩০৩ রান তোলে টাইগার যুবারা। 
বড় লক্ষ্যে ব্যাট করতে নামা মালয়েশিয়া এদিন দাঁড়াতেই পারেনি। টাইগার যুবাদের বোলিং তোপে মাত্র ৯৮ রানেই গুটিয়ে যায়। এর ফলে ২০৫ রানের বড় জয় পায় বাংলাদেশ। সেসঙ্গে ‘বি’ গ্রুপের পয়েন্ট তালিকায় শীর্ষস্থানটিও দখল করে নেয় বাংলাদেশ। 

ওমানের আল আমেরাত ক্রিকেট গ্রাউন্ডে টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। শুরুটা অবশ্য ভালো হয়নি যুবাদের। দলীয় ৪১ রানের মধ্যেই ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে তারা। আব্দুল্লাহ আল মুহি ২২, এসকে জারিফ সিয়াম ৮ ও আলামিন হোসেন রনি করেন ৬ রান।

এরপর একপ্রান্ত আগলে রেখে ইনিংস মেরামতের দায়িত্ব নেন আহসান আল মুমিন। তাকে সঙ্গ দেন অধিনায়ক ফরিদ হাসান ও অল রাফি। ফরিদের ব্যাট থেকে আসে ১৭ রান, আর রাফি করেন ২১ রান।

তবে ইনিংসের মূল আকর্ষণ ছিলেন মুমিন। ১৩৩ বলে ১০টি চার ও ৬টি ছক্কায় ১৫২ রানের অপরাজিত ইনিংস খেলেছেন তিনি। বাংলাদেশের মোট ৩০৩ রানের মধ্যে একাই করেছেন ৫০ শতাংশের বেশি। ওয়ানডে ক্রিকেটে এটি তার দুর্দান্ত এক ব্যক্তিগত ইনিংস।

শেষ দিকে দ্রুত রান তুলে দলের সংগ্রহ আরও সমৃদ্ধ করেন ফারহান সাদিক। মাত্র ৭ বলে ১৬ রান করেন তিনি, যেখানে ছিল দুটি ছক্কা। এছাড়া রোবিউল হাসান অনিকের ব্যাট থেকে আসে গুরুত্বপূর্ণ ৪৫ রান। ৪৮ বলের ইনিংসটি সাজাতে তিনি মারেন ছয়টি চার।

মালয়েশিয়ার হয়ে নাগিনেশ্বরন সাথনাকুমারন, সাইহির আসরাফ ও অলগা গুনাওয়ান দুটি করে উইকেট নেন। একটি করে উইকেট পেয়েছেন আররিয়ান ইস্কান্দার ও মুহাম্মদ নুরহানিফ। 

বাংলাদেশ চিত্র অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন