চার সচিবের দায়িত্বে রদবদল

বাংলাদেশ চিত্র
প্রকাশ : ৯ নভেম্বর ২০২৬, ১১:২৫ পিএম

চার সচিবের দায়িত্বে রদবদল এনেছে সরকার। এর মধ্যে একজন অতিরিক্ত সচিবকে পদোন্নতি দিয়ে সচিব করা হয়েছে। পাশাপাশি তিন সচিবকে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগে বদলি ও পদায়ন করা হয়েছে।

সোমবার (৯ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, বাংলাদেশ সার্ভিসেস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (অতিরিক্ত সচিব) মোহাম্মদ মাহবুবুর রহমান ভূঁঞাকে সচিব পদে পদোন্নতি দিয়ে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগে পদায়ন করা হয়েছে।

অন্যদিকে, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব জেসমিন নাহারকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে। কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব মো. দাউদ মিয়াকে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

এছাড়া জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত থাকা সচিব কানিজ মওলাকে পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের সচিব হিসেবে পদায়ন করা হয়েছে।

জনস্বার্থে জারি করা এসব আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

বাংলাদেশ চিত্র অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন