বনানী কবরস্থানে ১৫ বছরের জন্য কবরের ফি এক কোটি টাকা

বাংলাদেশ চিত্র
প্রকাশ : ১০ নভেম্বর ২০২৬, ০১:২৬ এএম

রাজধানীর বনানী কবরস্থানের সংরক্ষিত এলাকায় ১৫ বছর মেয়াদে একটি কবরের জন্য ফি নির্ধারণ করা হয়েছে এক কোটি টাকা। আর ২৫ বছর মেয়াদে কবর সংরক্ষণ করতে গুনতে হবে দেড় কোটি টাকা।

ঢাকা শহরের ধনী-গরিব সবার জন্য কবরের ব্যবস্থা নিশ্চিত করা এবং দীর্ঘদিন কবর সংরক্ষণের প্রবণতা নিরুৎসাহিত করতে এ ধরনের ফি নির্ধারণ করা হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় সরকারমন্ত্রী আবদুল মঈন খান।

সোমবার (৯ নভেম্বর) জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সেলিনা সুলতানার এক প্রশ্নের জবাবে এ তথ্য জানানো হয়। 

স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে সংসদের বৈঠকে প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়। মন্ত্রী আবদুল মঈন খানের অনুপস্থিতিতে তার পক্ষে প্রশ্নের উত্তর দেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

লিখিত উত্তরে জানানো হয়, বনানী কবরস্থানের প্রায় দুই-তৃতীয়াংশ এলাকায় সাধারণভাবে কবর দেওয়ার ব্যবস্থা রয়েছে। সেখানে একটি কবরের জন্য ফি দিতে হয় মাত্র ৫০০ টাকা। এসব কবরের মেয়াদ দুই বছর।

অন্যদিকে, কবরস্থানের সংরক্ষিত এলাকায় ১৫ ও ২৫ বছর মেয়াদে কবর সংরক্ষণের সুযোগ রয়েছে। এ ক্ষেত্রে ১৫ বছরের জন্য এক কোটি এবং ২৫ বছরের জন্য দেড় কোটি টাকা ফি নির্ধারণ করা হয়েছে।

কবর সংরক্ষণের প্রবণতা কমানো এবং কবরস্থানের সীমিত জায়গার সুষ্ঠু ব্যবহার নিশ্চিত করতেই এ ফি নির্ধারণ করা হয়েছে। 

বাংলাদেশ চিত্র অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন