পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ফ্র্যাঞ্চাইজি লাহোর কালান্দার্সের হাই পারফরম্যান্স সেন্টারের উপদেষ্টা হিসেবে নিয়োগ পেয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাবেক সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। মঙ্গলবার এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে পাকিস্তানের ফ্র্যাঞ্চাইজিটি। দেশটির সংবাদমাধ্যম দ্য এক্সপ্রেস ট্রিবিউনও এ খবর প্রকাশ করেছে।
লাহোর কালান্দার্সের হাই পারফরম্যান্স সেন্টারগুলোর কার্যক্রম আরও গতিশীল ও আধুনিক করে তোলাই হবে বুলবুলের মূল দায়িত্ব। বিশেষ করে ক্রিকেটারদের দক্ষতা উন্নয়ন, আধুনিক কোচিং পদ্ধতির প্রয়োগ এবং প্রতিভাবান তরুণদের পরিচর্যায় কাজ করবেন তিনি। আন্তর্জাতিক ক্রিকেট ও ক্রিকেট প্রশাসনে দীর্ঘদিনের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে ফ্র্যাঞ্চাইজিটির তৃণমূল পর্যায়ের ক্রিকেট কাঠামো শক্তিশালী করাই তার অন্যতম লক্ষ্য।
শুধু পাকিস্তান নয়, বাংলাদেশেও ক্রিকেট কার্যক্রম সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে লাহোর কালান্দার্সের। সেই পরিকল্পনা বাস্তবায়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন বুলবুল। বাংলাদেশের ক্রিকেটের সঙ্গে তার দীর্ঘদিনের সম্পৃক্ততা এবং আন্তর্জাতিক পর্যায়ে কাজের অভিজ্ঞতা এ ক্ষেত্রে ফ্র্যাঞ্চাইজিটির জন্য বাড়তি সুবিধা হিসেবে বিবেচিত হচ্ছে। খেলোয়াড়ি জীবন থেকে ক্রিকেট-প্রশাসন—দুই ক্ষেত্রেই সমৃদ্ধ অভিজ্ঞতা রয়েছে আমিনুল ইসলাম বুলবুলের। ১৯৮৮ থেকে ২০০২ সাল পর্যন্ত বাংলাদেশ জাতীয় দলের হয়ে খেলেছেন তিনি। ১৯৯৯ সালে বাংলাদেশের প্রথম বিশ্বকাপ অভিযানে জাতীয় দলের নেতৃত্বও দেন এই সাবেক ক্রিকেটার।
খেলোয়াড়ি জীবন শেষে ক্রিকেট উন্নয়ন ও প্রশাসনে যুক্ত হন বুলবুল। ২০১৫ থেকে ২০২৫ সাল পর্যন্ত টানা ১০ বছর আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) ক্রিকেট ডেভেলপমেন্ট ম্যানেজার (এশিয়া) হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। এ সময় এশিয়ার বিভিন্ন দেশে ক্রিকেটের প্রসার, অবকাঠামোগত উন্নয়ন এবং তৃণমূল পর্যায়ে খেলাটির বিকাশে কাজ করার অভিজ্ঞতা অর্জন করেন। এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) সঙ্গেও কাজ করেছেন তিনি।
