নতুন পে-স্কেল ধাপে ধাপে বাস্তবায়নের সময় সরকারি কর্মকর্তা-কর্মচারীদের শ্রান্তি ও বিনোদন ভাতা (বিনোদন ভাতা) নির্ধারণে নতুন নির্দেশনা জারি করেছে সরকার। নির্দেশনা অনুযায়ী, কোনো কর্মচারী যে মাসে শ্রান্তি ও বিনোদন ছুটিতে যাবেন, ওই মাসে আহরিত মূল বেতনের সমপরিমাণ অর্থই পাবেন বিনোদন ভাতা হিসেবে। যদিও পরবর্তী সময়ে পে-ফিক্সেশনের মাধ্যমে বেতন পুনর্নির্ধারিত হলেও এ বাবদ অতিরিক্ত বা বকেয়া অর্থ পাওয়ার সুযোগ থাকছে না।
বুধবার (১১ নভেম্বর) অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে। এতে বলা হয়েছে, ২০২৬ সালের ১ জুলাই থেকে ২০২৭ সালের ৩০ জুন পর্যন্ত সময়ের জন্য এ নির্দেশনা কার্যকর থাকবে।
অর্থ বিভাগের যুগ্ম সচিব ড. মো. ফেরদৌস আলম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, অর্থ বিভাগের ১৯৮৯ সালের ২০ মার্চের স্মারক অনুযায়ী, কোনো সরকারি কর্মচারী যে মাসে শ্রান্তি ও বিনোদন ছুটিতে যাবেন, ওই মাসে তিনি যে পরিমাণ মূল বেতন আহরণ করবেন, সমপরিমাণ অর্থ বিনোদন ভাতা হিসেবে পাবেন। নতুন পে-স্কেল ধাপে ধাপে বাস্তবায়নের সময়ও একই নিয়ম অনুসরণ করতে হবে।
কিন্তু বিনোদন ভাতা নির্ধারণের ক্ষেত্রে পে-ফিক্সেশনের মাধ্যমে পরবর্তী সময়ে পুনর্নির্ধারিত বেতন বিবেচনায় নেওয়া হবে না। অর্থাৎ, কর্মচারী যে মাসে শ্রান্তি ও বিনোদন ছুটিতে যাবেন, ওই মাসে বাস্তবে যে পরিমাণ মূল বেতন পাবেন, তার ভিত্তিতেই ভাতার পরিমাণ নির্ধারিত হবে।
প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়েছে, কোনো কর্মচারী একবার শ্রান্তি ও বিনোদন ভাতা উত্তোলন করার পর পে-ফিক্সেশনের কারণে তার বেতন পুনর্নির্ধারিত হলেও এ বাবদ কোনো বকেয়া অর্থ পাবেন না।
অর্থ বিভাগের প্রবিধি-৩ শাখা থেকে জারি করা এ নির্দেশনা অবিলম্বে কার্যকর হবে।
সরকারি চাকরি (বেতন ও ভাতাদি) আদেশ, ২০২৬ অনুযায়ী নতুন বেতন-কাঠামো ধাপে ধাপে বাস্তবায়নের প্রেক্ষাপটে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের শ্রান্তি ও বিনোদন ভাতা প্রদানের নিয়ম স্পষ্ট করতে এ নির্দেশনা জারি করা হয়েছে।
