মোটরসাইকেলের সামনের অংশে ম্যানুয়াল নম্বরপ্লেট লাগানোর ক্ষেত্রে নির্দিষ্ট কিছু শর্ত দিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। নির্ধারিত মাপ, রং ও উপকরণ অনুসরণ করেই নম্বরপ্লেট তৈরি ও সংযোজন করতে হবে মালিকদের। এ জন্য আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত সময় দেওয়া হয়েছে।
বুধবার (১১ নভেম্বর) বিআরটিএর অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশিত এক গণবিজ্ঞপ্তিতে এসব নির্দেশনা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘সড়ক পরিবহন আইন, ২০১৮’ এবং ‘সড়ক পরিবহন বিধিমালা, ২০২২’ অনুযায়ী মোটরসাইকেলের পেছনের পাশাপাশি সামনের অংশেও রেজিস্ট্রেশন নম্বর প্রদর্শন বাধ্যতামূলক। এ নির্দেশনা বাস্তবায়নে মোটরসাইকেল মালিকদের নিজস্ব ব্যবস্থাপনায় সামনের অংশে ম্যানুয়াল নম্বরপ্লেট লাগাতে হবে।
নম্বরপ্লেট লাগানোর ক্ষেত্রে যেসব শর্ত মানতে হবে:
স্কুটারের নম্বরপ্লেট: দৈর্ঘ্য ২০০ মিলিমিটার এবং প্রস্থ ১০০ মিলিমিটার হতে হবে।
অন্যান্য মোটরসাইকেলের নম্বরপ্লেট: দৈর্ঘ্য ২৮৫ মিলিমিটার এবং প্রস্থ ৫০ মিলিমিটার হতে হবে।
অক্ষর ও সংখ্যার উচ্চতা: উভয় ধরনের নম্বরপ্লেটে বাংলা অক্ষর ও সংখ্যার উচ্চতা কমপক্ষে ২০ মিলিমিটার রাখতে হবে।
নম্বরপ্লেটের উপকরণ: অবশ্যই স্টেইনলেস স্টিল অথবা অ্যালুমিনিয়ামের তৈরি হতে হবে।
রং: নম্বরপ্লেটের পটভূমি সাদা এবং বাংলা অক্ষর ও সংখ্যা কালো রঙের হতে হবে।
অতিরিক্ত নকশা: নম্বরপ্লেটে কোনো ধরনের অতিরিক্ত নকশা বা শোভাবর্ধক উপাদান ব্যবহার করা যাবে না।
নম্বর লেখার ধরন: স্কুটার ছাড়া অন্যান্য মোটরসাইকেলের নম্বর একটি আনুভূমিক রেখায় লিখতে হবে। যেমন- ঢাকা মেট্রো-ল-০০-০০০০।
বিআরটিএ জানিয়েছে, মোটরসাইকেলের সামনের অংশে ম্যানুয়াল নম্বরপ্লেট সংযোজনের আগের সময়সীমা ছিল ১৫ নভেম্বর। নতুন সিদ্ধান্তে তা বাড়িয়ে আগামী ৩১ ডিসেম্বর নির্ধারণ করা হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে এসব শর্ত মেনে নম্বরপ্লেট লাগানোর জন্য মোটরসাইকেল মালিকদের অনুরোধ জানিয়েছে সংস্থাটি।
