হামজার অভিষেকে রঙিন বাংলাদেশ

বাংলাদেশ চিত্র
প্রকাশ : ১৩ নভেম্বর ২০২৬, ০২:২৬ এএম

অধিনায়কের আর্মব্যান্ডে অভিষেকেই আলো ছড়ালেন হামজা চৌধুরী। টেকনো সাফ চ্যাম্পিয়নশিপের গ্রুপ ম্যাচে শ্রীলঙ্কাকে ৪-০ গোলে উড়িয়ে দিল বাংলাদেশ। প্রথম গোলের বিল্ডআপে ছিল এই মিডফিল্ডারের পা, দ্বিতীয় গোলটি করলেন সরাসরি নিজের বুটেই। আগের ম্যাচের একাদশে তিনটি পরিবর্তন এনেছিলেন কোচ থমাস ডুলি। ছিটকে যান ফয়সাল আহমেদ ফাহিম, জামাল ভূঁইয়া ও বিশ্বনাথ ঘোষ; তাদের জায়গায় সুযোগ পান মোহাম্মদ ইব্রাহিম, হামজা চৌধুরী ও ফারহান আলী ওয়াহিদ। গোলপোস্টের নিচে আস্থার নাম মেহেদি হাসান শ্রাবণ। তার সামনে রক্ষণের কেন্দ্রে তারিক কাজীর সঙ্গী জিদান উইসুফ, বাঁ প্রান্তে জায়ান আহমেদ, ডান প্রান্তে সাদ উদ্দিন। মাঝমাঠের নকশায় বাঁ দিকে শমিত সোম, ডানদিকে সৈয়দ কাজেম শাহ কিরমানী, আর ঠিক মাঝখানে হামজা, যাকে ঘিরেই আবর্তিত হয় খেলার গতি ও ছন্দ। আক্রমণভাগে বাজি ধরা হলো আগের ম্যাচের গোলদাতা মোহাম্মদ ইব্রাহিমের ওপর, কেন্দ্রে তিনি; বাঁ পাশে ফারহান আলী ওয়াহিদ, ডানে রাকিব হোসেন।

কিক-অফের পর থেকেই প্রতিপক্ষকে চেপে ধরে বাংলাদেশ। রাকিবের তেড়েফুঁড়ে আক্রমণে ওঠা আর ফারহানের মরিয়া প্রচেষ্টায় দিশেহারা হয়ে পড়ে শ্রীলঙ্কার রক্ষণ। সেই শুরুর ঝড়ে দ্রুতই যোগ দেন অধিনায়কের নতুন পরিচয়ে নামা হামজা। বক্সের বাইরে থেকে তার নেওয়া ফ্রি-কিক পোস্ট ঘেঁষে বাইরে চলে যায়। ২৫তম মিনিটে শেফিল্ড ইউনাইটেডের এই মিডফিল্ডার ফের সমর্থকদের আফসোসে ভাসান। ফারহানের ক্রসে রাকিবের হেডে এগিয়ে আসা গোলরক্ষক সুজন পেরেরার নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে দুই ডিফেন্ডার কাছাকাছি চলে আসার পরও হাল ছাড়েননি হামজা। দারুণ এক ব্যাকহিল করেছিলেন; কিন্তু বল ক্রসবার ঘেঁষে জালের ওপরে গিয়ে আশ্রয় নেয়।

তার আগেই, অষ্টম মিনিটে স্বাগতিকদের প্রত্যাশিত লিড এনে দেন শমিত সোম। ডান দিক থেকে হামজার ক্রস পাঞ্চ করলেও পুরোপুরি ক্লিয়ার করতে পারেননি সুজন পেরেরা। শমিতের শট সেন্টারব্যাক গ্যারেট ক্যালির বুকে লেগে ফিরে এলে ফিরতি শটে জাল কাঁপান সেই শামিতই (১-০)। বাংলাদেশের জার্সিতে এটি তার দ্বিতীয় গোল; ২০২৫ সালের অক্টোবরে হংকংয়ের বিপক্ষে ৪-৩ গোলের থ্রিলারে স্কোরলাইন ৩-৩ করা গোলটি ছিল প্রথম।

৪৫তম মিনিটে অধিনায়ক হিসেবে নিজের অভিষেক রাঙাতে এগিয়ে এলেন হামজা। মোহাম্মদ ইব্রাহিমের পাস থেকে বল নিয়ন্ত্রণে নিয়ে এক ডিফেন্ডারকে কাটিয়ে শট নেন তিনি। সুজন পেরেরার পায়ে লেগে ক্রসবারে ধাক্কা দিয়ে বল ঢুকে যায় জালে (২-০)।

১২৩২ দিন পর আন্তর্জাতিক ফুটবলে দুই গোলের লিডের স্বস্তি নিয়ে প্রথমার্ধ শেষ করল বাংলাদেশ। সর্বশেষ এমন স্বাদ মিলেছিল সাফ চ্যাম্পিয়নশিপেই, ২০২৩ সালের জুনে ভুটানের বিপক্ষে ৩-১ গোলে এগিয়ে থেকে। মাঝের সময়টায় কেটে গেছে ৩০ ম্যাচ।

বিরতির পর ৫২তম মিনিটে নিজের জাত চেনান ফারহান আলী ওয়াহিদ। বক্সের বাইরে বল ধরে দুই ডিফেন্ডারের মাঝ দিয়ে দৃষ্টিনন্দন ড্রিবলিংয়ে এগিয়ে যান ১৯ বছর বয়সী এই উইঙ্গার, আরেক ডিফেন্ডারকে কাটিয়ে ঠান্ডা মাথায় বল জালে পাঠান (৩-০)। ৫৬তম মিনিটে বক্সের বাইরে থেকে সৈয়দ কাজেম শাহ কিরমানীর জোরালো শট ঝাঁপিয়ে রুখে দেন সুজন পেরেরা। বদলি হিসেবে নামা জাপানপ্রবাসী সুকি ইতোফুসা দুই দফায় পোস্ট লক্ষ্য করে শট নেন, ডান ও বাঁ দিক থেকে নেওয়া সেই দুটি শটই ফিরিয়ে দেন সুজন পেরেরা। ৮৭তম মিনিটে পাল্টা আক্রমণ থেকে দারুণ এক চিপে ব্যবধান ৪-০ করেন রাকিব হোসেন।

টানা দুই জয়ে ৬ পয়েন্ট নিয়ে ‘এ’ গ্রুপের সেরা হিসেবে সেমিফাইনালে নামছে বাংলাদেশ। ভুটান ও শ্রীলঙ্কার সংগ্রহ সমান, ১ পয়েন্ট করে; গোল গড়ে শ্রীলঙ্কাকে টপকে শেষ চারে গেছে ভুটান। সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ পাকিস্তান, শনিবার রাতে গড়াবে ম্যাচ। একই দিনের আরেক সেমিফাইনালে ভারত মুখোমুখি হবে ভুটানের।

বাংলাদেশ চিত্র অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন