চটের বস্তা বিছিয়ে পাঠদান, এবার তৈরি হচ্ছে ‘সঞ্জীবন পাঠশালা’

বাংলাদেশ চিত্র
প্রকাশ : ১৩ নভেম্বর ২০২৬, ০৭:২৬ পিএম

দিনাজপুরের বিরল উপজেলায় নিজের বাড়ির উঠানে চটের বস্তা বিছিয়ে সুবিধাবঞ্চিত শিশুদের পড়াতেন আনসার কমান্ডার কমলচন্দ্র সরকার। তার পাঠশালায় পড়তে আসে সাঁওতাল ও হতদরিদ্র পরিবারের ৩৫ থেকে ৪০টি শিশু। এবার সেই পাঠশালার জন্য তৈরি হচ্ছে এক কক্ষের পাকা ঘর। এর নাম দেওয়া হয়েছে ‘সঞ্জীবন পাঠশালা’।

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালকের বিশেষ উদ্যোগে পাঠশালাটির অবকাঠামো নির্মাণ করা হচ্ছে। সম্প্রতি দিনাজপুরের বিরল উপজেলার ধর্মপুর ইউনিয়নে পাঠশালাটি পরিদর্শন করেন জেলা কমান্ড্যান্ট (উপপরিচালক) মো. নুরুজ্জামান।

পরিদর্শনকালে তিনি কমলচন্দ্র সরকারকে পাঠশালার জন্য স্থায়ী অবকাঠামো নির্মাণের উদ্যোগের কথা জানান। দীর্ঘদিনের পরিশ্রমে গড়ে তোলা পাঠদান কার্যক্রমের জন্য স্থায়ী ঘর নির্মাণের খবর শুনে আবেগাপ্লুত হয়ে পড়েন কমলচন্দ্র। এ উদ্যোগের জন্য তিনি মহাপরিচালকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। নতুন পাঠশালা নির্মাণের খবরে আনন্দিত হয় শিশুরাও।

শুধু পাঠশালা নির্মাণই নয়, কমলচন্দ্র সরকারের বাড়িতে একটি গৃহস্থালি সৌরবিদ্যুৎ প্যানেল স্থাপনের উদ্যোগও নিয়েছে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী। পাশাপাশি ‘সঞ্জীবন পাঠশালা’তেও স্থাপন করা হবে আরেকটি সৌরবিদ্যুৎ প্যানেল।

হতদরিদ্র পরিবারের শিশুদের পড়াশোনার সুযোগ বাড়ানো এবং পাঠদান কার্যক্রম চালু রাখতে পাঠশালাটির জন্য সার্বিক সহযোগিতার আশ্বাস দিয়েছে বাহিনী।

কমলচন্দ্র সরকারের এই উদ্যোগের বিষয়টি বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর নজরে আসে কয়েক বছর আগে। এরপর থেকে তার পাঠদান কার্যক্রমে সহযোগিতা দিয়ে আসছে বাহিনী। ২০২৫ সালে পাঠশালার শিশুদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। একই বছর মানবিক কাজের স্বীকৃতি হিসেবে কমলচন্দ্র সরকারকে ‘প্রেসিডেন্ট আনসার সেবা পদক’ দেওয়া হয়।

এ ছাড়া তার আর্থিক অসচ্ছলতার বিষয়টি বিবেচনায় নিয়ে মানবিক সহায়তা হিসেবে দিনাজপুর জেলা কমান্ড্যান্টের নিজস্ব রেশন থেকে নিয়মিত চাল, ডাল, তেল ও চিনি দেওয়া হচ্ছে।

নিজের উদ্যোগে বাড়ির উঠানে চটের বস্তা বিছিয়ে যে পাঠশালা শুরু করেছিলেন কমলচন্দ্র সরকার, তা এবার স্থায়ী অবকাঠামো পেতে যাচ্ছে। নতুন এই উদ্যোগের ফলে এলাকার সুবিধাবঞ্চিত শিশুদের পড়াশোনার পরিবেশ আরও উন্নত হবে বলে আশা করা হচ্ছে।

বাংলাদেশ চিত্র অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন