বাংলাদেশ রেলওয়ের তৃতীয় গ্রেডের কর্মকর্তাদের আন্তঃনগর ট্রেনে কর্তব্যকালীন ভ্রমণের জন্য প্রথম শ্রেণির তাপানুকূল (এসি) সিঙ্গেল কেবিন সুবিধা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিভাগীয় প্রধানসহ তৃতীয় গ্রেডের কর্মকর্তারা কর্তব্য পাশের বিপরীতে এ সুবিধা ভোগ করতে পারবেন।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালকের কার্যালয়ের পার্সোনেল-২ শাখা থেকে এ সংক্রান্ত অফিস আদেশ জারি করা হয়। উপপরিচালক (পার্সোনেল-২) পলাশ কুমার সাহা স্বাক্ষরিত আদেশটি অবিলম্বে কার্যকর হবে।
অফিস আদেশে বলা হয়েছে, ১৯৮৫ সালের ৭ মার্চের স্মারক এবং ২০১৭ সালের ১৫ নভেম্বরের আদেশের ধারাবাহিকতায় পাশ বিধিমালায় এ সংশোধনী আনা হয়েছে।
আদেশে আরও উল্লেখ করা হয়, রেলওয়ের প্রথম ও দ্বিতীয় গ্রেডের কর্মকর্তারা প্রাপ্যতা অনুযায়ী সেলুন সুবিধা পেয়ে থাকেন। তবে প্রয়োজনে আন্তঃনগর ট্রেনে কর্তব্যকালীন ভ্রমণের ক্ষেত্রে প্রথম গ্রেডের কর্মকর্তারা কর্তব্য পাশের বিপরীতে একটি প্রথম শ্রেণির এসি ডাবল কেবিন এবং দ্বিতীয় গ্রেডের কর্মকর্তারা একটি প্রথম শ্রেণির এসি সিঙ্গেল কেবিন ব্যবহার করতে পারবেন।
নতুন সিদ্ধান্তের ফলে তৃতীয় গ্রেডের কর্মকর্তারাও কর্তব্যকালীন ভ্রমণে প্রথম শ্রেণির এসি সিঙ্গেল কেবিন ব্যবহারের সুযোগ পাচ্ছেন।
