শেখ হাসিনাকে ফুল দিয়ে নয়, প্রত্যর্পণ চুক্তিতে দেশে ফেরাতে হবে: রিজভী

বাংলাদেশ চিত্র
প্রকাশ : ১৩ নভেম্বর ২০২৬, ১১:৩০ পিএম

গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে ভারতের সঙ্গে বিদ্যমান প্রত্যর্পণ চুক্তি অনুসরণের দাবি জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবীর রিজভী। তিনি বলেন, শেখ হাসিনার বিরুদ্ধে অসংখ্য মানুষকে হত্যার অভিযোগ ও মামলা রয়েছে। তাই তাকে দেশে ফিরিয়ে আনার বিষয়টি সাধারণ প্রত্যাবর্তন হিসেবে দেখার সুযোগ নেই; বরং এটি হতে হবে আইনি প্রত্যর্পণ প্রক্রিয়ার মাধ্যমে।

রিজভী বলেন, শেখ হাসিনাকে দেশে ফেরানো নিয়ে এমনভাবে আলোচনা হচ্ছে, যেন তিনি বাবার বাড়ি বা স্বামীর বাড়িতে গেছেন। তাকে ফুল দিয়ে সংবর্ধনা জানিয়ে ফিরিয়ে আনতে হবে।

শুক্রবার (১৩ নভেম্বর) জাতীয় প্রেস ক্লাবের কাজী নজরুল ইসলাম মিলনায়তনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে জাতীয়তাবাদী মহিলা দল আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রুহুল কবির রিজভী বলেন, শেখ হাসিনা আবার দেশে ফিরতে চাইছেন। এ জন্য তার আইনজীবীরা পাসপোর্ট, ভিসা ও জাতীয় পরিচয়পত্র চাচ্ছেন। তবে এ ক্ষেত্রে প্রত্যাবর্তন ও প্রত্যর্পণের মধ্যে পার্থক্য বুঝতে হবে।

তিনি ব্যাখ্যা করে বলেন, কোনো ব্যক্তি দেশ ছেড়ে যাওয়ার পর নিজ দেশে ফিরে এলে সেটি প্রত্যাবর্তন। অন্যদিকে, কোনো ব্যক্তির বিরুদ্ধে ফৌজদারি মামলা, অপরাধের অভিযোগ কিংবা দণ্ড থাকলে তাকে অন্য দেশ থেকে ফিরিয়ে আনার আইনি প্রক্রিয়াকে প্রত্যর্পণ বলা হয়।

বিএনপির এই নেতা বলেন, ভারতের সঙ্গে বাংলাদেশের প্রত্যর্পণ চুক্তি রয়েছে। ফলে শেখ হাসিনার ক্ষেত্রে প্রত্যাবর্তনের পরিবর্তে প্রত্যর্পণের বিষয়টিই প্রযোজ্য। তার ভিসা, পাসপোর্ট কিংবা জাতীয় পরিচয়পত্র নিয়ে এত আলোচনা অপ্রাসঙ্গিক।

জুলাই গণঅভ্যুত্থানে নিহতদের প্রসঙ্গ তুলে রিজভী বলেন, আবু সাঈদ, আহনাফ, মুগ্ধ, চট্টগ্রামের ওয়াসিম আকরাম ও ফাইয়াজসহ অসংখ্য মানুষকে হত্যার অভিযোগ রয়েছে শেখ হাসিনার বিরুদ্ধে। শিক্ষার্থী, রিকশাচালক ও শ্রমিকসহ প্রায় ১ হাজার ৪০০ মানুষ হত্যার অভিযোগও তার বিরুদ্ধে রয়েছে।

তিনি বলেন, শেখ হাসিনার বিরুদ্ধে মামলা চলমান রয়েছে এবং বিভিন্ন মামলায় দণ্ড দেওয়া হয়েছে বলেও জানা গেছে। এমন পরিস্থিতিতে তাকে নিয়ে এত আয়োজনের কী আছে? তাকে আইনি প্রক্রিয়ায় দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করতে হবে।

এ সময় ব্যঙ্গাত্মক ভঙ্গিতে রিজভী বলেন, তাকে দেশে ফিরিয়ে আনার আলোচনা এমনভাবে হচ্ছে, যেন তিনি বাবার বাড়ি কিংবা স্বামীর বাড়িতে গেছেন। তাকে গোলাপ, হাসনাহেনা কিংবা বেলি ফুল দিয়ে সংবর্ধনা জানিয়ে ফিরিয়ে আনতে হবে!

শেখ হাসিনাকে অবশ্যই বিচারের আওতায় আনার দাবি জানিয়ে তিনি বলেন, ভারতের সঙ্গে বাংলাদেশের প্রত্যর্পণ চুক্তির বিধিবিধান অনুসরণ করে দুই দেশের মধ্যে আলোচনা করতে হবে। এরপর তাকে দেশে ফিরিয়ে এনে চলমান বিচারিক কার্যক্রমের আওতায় আনতে হবে। কোনো মামলায় দণ্ড থাকলে আইন অনুযায়ী তা কার্যকর করতে হবে।

আওয়ামী লীগ সরকারের শাসনামলের সমালোচনা করে রিজভী অভিযোগ করেন, ১৯৭২ থেকে ১৯৭৫ সাল পর্যন্ত দেশে যে ধরনের শাসনব্যবস্থা ছিল, শেখ হাসিনা আবারও তেমন শাসন প্রতিষ্ঠা করেছিলেন। তার শাসনামলে গুম, খুন ও গুপ্তহত্যা রাষ্ট্রীয় ব্যবস্থার অংশ হয়ে উঠেছিল।

তিনি আরও বলেন, গুম, খুন ও গুপ্তহত্যাই গোটা রাষ্ট্রের চরিত্রে পরিণত হয়েছিল। শেখ হাসিনা এসব কর্মকাণ্ডকে রাষ্ট্রের চরিত্রে পরিণত করেছিলেন বলে অভিযোগ করেন বিএনপির এই নেতা।

বাংলাদেশ চিত্র অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন