সান সিরোতে উয়েফা নেশনস লিগের ম্যাচে ইতালির কাছে ৩-১ গোলে হেরে গেছে জিনেদিন জিদানের ফ্রান্স। ফরাসি কোচের অধীনে এটিই প্রথম পরাজয়। উসমান দেম্বেলে, কিলিয়ান এমবাপ্পে ও জুলেস কুন্দের মতো গুরুত্বপূর্ণ খেলোয়াড়দের ছাড়াই মিলানে খেলতে নেমেছিল ফরাসিরা। মাইকেল ওলিসের গোলে শুরুতেই তারা এগিয়েও গিয়েছিল। কিন্তু সেই ব্যবধান ধরে রাখতে পারেনি। ম্যাচের দ্বিতীয়ার্ধে পুরোপুরি ভেঙে পড়ে তারা এবং হজম করে তিনটি গোল।
এই পরাজয়ের পর কোয়ার্টার ফাইনালের দৌড়ে তাদের অবস্থান অনিশ্চিত না হলেও, আগামী রবিবার ঘরের মাঠে তুরস্কের বিপক্ষে ম্যাচটি জয় করা তাদের জন্য বাধ্যতামূলক হয়ে দাঁড়িয়েছে। অবশ্য এই মুহূর্তে কোচ জিদানের পদ নিয়ে কোনো চাপ তৈরি হয়নি। তবে সান সিরোর এই হার ফরাসি ও ইউরোপীয় গণমাধ্যমে নানা প্রশ্ন ও উদ্বেগের জন্ম দিয়েছে।
ফরাসি দৈনিক ‘লেকিপ’ এই ম্যাচটিকে জিদান যুগের ‘প্রথম হোঁচট’ হিসেবে উল্লেখ করে জানিয়েছে, দ্বিতীয়ার্ধে রক্ষণভাগের বড় দুর্বলতাই দলকে ডুবিয়েছে। তাদের প্রধান শিরোনাম ছিল ‘ভিজে একাকার: তারা ডুবেছে’। মিলানের ভারী বৃষ্টির পাশাপাশি ফ্রান্সের দ্বিতীয়ার্ধের বিপর্যয়কে ইঙ্গিত করেই এই শিরোনাম করা হয়। ‘লা পারিজিয়ান’ দলটির রক্ষণাত্মক দৃঢ়তার অভাব এবং তরুণ খেলোয়াড়দের আন্তর্জাতিক অভিজ্ঞতার ঘাটতির কথা তুলে ধরেছে। তাদের মতে, এই স্তরে দলটির কিছু খেলোয়াড় এখনও বেশ দুর্বল।
ইউরোপীয় গণমাধ্যমের প্রতিক্রিয়া অবশ্য কিছুটা ভিন্ন। ইতালি তাদের এই জয় বেশ উদ্যাপন করলেও, জার্মান গণমাধ্যম ফ্রান্সের পরিস্থিতি নিয়ে তেমন কোনো বড় উদ্বেগ দেখায়নি। ‘স্কাই স্পোর্টস’ ও ‘বিল্ড’ কেবল এটিকেই জিদানের প্রথম হার হিসেবে উল্লেখ করে দলটির উন্নতির সুযোগ রয়েছে বলে মন্তব্য করেছে।
অন্যদিকে, স্প্যানিশ সংবাদমাধ্যম ‘আশ’ (AS) ফ্রান্সের এই পরাজয়কে গুরুত্ব দিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে। ‘এমবাপ্পেকে ছাড়া এক বড় বিপদের মুখোমুখি’ শিরোনামে তারা ফরাসিদের আক্রমণভাগের ধারহীনতা এবং বড় বড় রক্ষণাত্মক ভুলের সমালোচনা করেছে। বিশেষ করে মালো গুস্তোর পারফরম্যান্সের সমালোচনা করে পত্রিকাটি জানিয়েছে, ফ্রান্সের গ্রুপের শীর্ষস্থান ধরে রাখার সম্ভাবনা এখন মারাত্মকভাবে হুমকির মুখে। পরবর্তী পর্যায়ে বড় কোনো নাটকীয়তা এড়াতে তুরস্কের বিরুদ্ধে জয় পাওয়া ছাড়া বিকল্প নেই।
