সৌরবিদ্যুৎ ব্যবহারে ডাক বিভাগের ১৪ কেন্দ্রের ৬২ শতাংশ ব্যয় সাশ্রয়

বাংলাদেশ চিত্র
প্রকাশ : ১৪ নভেম্বর ২০২৬, ০৩:৩৮ পিএম

সৌরবিদ্যুৎ ব্যবহার করে বিদ্যুৎ বিলে প্রায় ১৩ লাখ টাকা সাশ্রয় করেছে ডাক বিভাগের ১৪টি মেইল প্রসেসিং সেন্টার (এমপিসি)। সৌরবিদ্যুৎ ব্যবস্থা না থাকলে কেন্দ্রগুলোর বিদ্যুৎ বিল হতো প্রায় ২০ লাখ ৮৬ হাজার টাকা। কিন্তু নিজস্ব চাহিদা মিটিয়ে উদ্বৃত্ত বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করায় নেট মিটারিংয়ের মাধ্যমে বিল নেমে এসেছে ৭ লাখ ৯৪ হাজার টাকায়। এতে সম্ভাব্য ব্যয়ের প্রায় ৬২ শতাংশ সাশ্রয় হয়েছে।

ডাক অধিদপ্তরের দেওয়া তথ্য অনুযায়ী, ২০২৩ সাল থেকে চলতি বছরের অক্টোবর পর্যন্ত সময়ে এই সাশ্রয় হয়েছে। সরকার যখন সব সরকারি দপ্তরে সৌরবিদ্যুতের ব্যবহার বাড়ানোর ওপর জোর দিচ্ছে, তখন ডাক বিভাগের এই ১৪টি কেন্দ্রের অভিজ্ঞতা সরকারি স্থাপনায় নবায়নযোগ্য জ্বালানি ব্যবহারের একটি বাস্তব উদাহরণ হয়ে উঠেছে।

ডাক অধিদপ্তরের মহাপরিচালক কাজী আসাদুল ইসলাম বলেন, ‘সৌরবিদ্যুতের ব্যবহার শুধু বিদ্যুৎ সাশ্রয় নয়, বরং টেকসই ও পরিবেশবান্ধব ভবিষ্যৎ গড়ার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। নেট মিটারিংয়ের মাধ্যমে বাড়তি বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত করে সরকারি স্থাপনাগুলোকে আরও জ্বালানিসাশ্রয়ী ব্যবস্থার অংশ হিসেবে গড়ে তোলা সম্ভব।’

তিনি বলেন, ‘আমাদের ১৪টি কেন্দ্রের অভিজ্ঞতা প্রমাণ করেছে, সরকারি স্থাপনায় সৌরবিদ্যুৎ শুধু পরিবেশের জন্য নয়, সরকারি অর্থ সাশ্রয়ের জন্যও কার্যকর। একটি সরকারি প্রতিষ্ঠান নিজের বিদ্যুৎ নিজে উৎপাদন করছে, আবার উদ্বৃত্ত বিদ্যুৎ জাতীয় গ্রিডে দিচ্ছে। এটি অন্য সরকারি দপ্তরের জন্যও অনুসরণযোগ্য হতে পারে।’

ডাক অধিদপ্তর জানায়, এই সময়ে ১৪টি এমপিসির সৌর প্যানেল থেকে মোট ৮৬ হাজার ১৪১ ইউনিট বিদ্যুৎ উৎপাদিত হয়েছে। এর মধ্যে ৩৭ হাজার ৪১৭ ইউনিট কেন্দ্রগুলোর নিজস্ব চাহিদা পূরণে সরাসরি ব্যবহার করা হয়েছে।

অধিদপ্তর আরও জানায়, বাকি ৪৮ হাজার ৭২৪ ইউনিট নেট মিটারিং ব্যবস্থার মাধ্যমে জাতীয় গ্রিডে সরবরাহ করা হয়েছে। অর্থাৎ উৎপাদিত সৌরবিদ্যুতের প্রায় ৪৩ শতাংশ কেন্দ্রগুলো নিজেরা ব্যবহার করেছে এবং বাকি প্রায় ৫৭ শতাংশ জাতীয় গ্রিডে যুক্ত হয়েছে।

সৌরবিদ্যুৎ ব্যবস্থা চালু থাকা এই কেন্দ্রগুলো হলো, তেজগাঁও, চট্টগ্রাম, নোয়াখালী, হবিগঞ্জ, ময়মনসিংহ, রাজশাহী, ঈশ্বরদী, রংপুর, দিনাজপুর, বরিশাল, যশোর, খুলনা, কুষ্টিয়া ও গোপালগঞ্জ এমপিসি।

অধিদপ্তরের হিসেবে, সৌরবিদ্যুৎ ব্যবস্থা না থাকলে ১৪টি কেন্দ্রকে গ্রিড থেকে মোট ১ লাখ ৩৯ হাজার ৯৭ ইউনিট বিদ্যুৎ নিতে হতো। ইউনিটপ্রতি ১৫ টাকা ধরে এর বিল দাঁড়াত ২০ লাখ ৮৬ হাজার ৪৫৫ টাকা। কিন্তু, সৌরবিদ্যুৎ উৎপাদন ও গ্রিডে সরবরাহের পর নেট মিটারিংয়ের মাধ্যমে সমন্বয় করে কেন্দ্রগুলোর প্রকৃত প্রদেয় বিদ্যুতের পরিমাণ দাঁড়িয়েছে ৫২ হাজার ৯৫৬ ইউনিট। এর বিপরীতে বিল এসেছে ৭ লাখ ৯৪ হাজার ৩৪০ টাকা। ফলে বিদ্যুৎ বিল বাবদ সাশ্রয় হয়েছে ১২ লাখ ৯২ হাজার ১১৫ টাকা, যা সৌরবিদ্যুৎ ব্যবস্থা না থাকলে সম্ভাব্য ব্যয়ের ৬১ দশমিক ৯৩ শতাংশ।

একই হার ধরে হিসাব করলে, সৌরবিদ্যুতের নিজস্ব ব্যবহার থেকে প্রায় ৫ লাখ ৬১ হাজার টাকা এবং গ্রিডে সরবরাহ করা বিদ্যুৎ থেকে প্রায় ৭ লাখ ৩১ হাজার টাকা বিলের সঙ্গে সমন্বয় হয়েছে। এ হিসাবে প্রতিটি কেন্দ্রে গড়ে প্রায় ৯২ হাজার টাকা সাশ্রয় হয়েছে।

সূত্র: বাসস

বাংলাদেশ চিত্র অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন