জয়ের আত্মবিশ্বাস নিয়ে ভারতের বিপক্ষে মাঠে নামছে ভুটান

বাংলাদেশ চিত্র
প্রকাশ : ১৪ নভেম্বর ২০২৬, ০৪:৫৬ পিএম

দীর্ঘ ১৮ বছর পর সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে জায়গা করে নিয়েছে ভুটান। ২০০৮ সালের পর এই প্রথম দক্ষিণ এশিয়ার ফুটবলের শেষ চারে জায়গা করে নিয়েছে ‘ড্রাগন বয়েজ’ খ্যাত দলটি। ফাইনালে ওঠার লড়াইয়ে ভুটানের সামনে পাহাড়সমান বাধা হিসেবে দাঁড়িয়ে আছে শক্তিশালী ভারত। তবে কঠিন এই লড়াইয়ের আগে আত্মবিশ্বাসী ভুটান কোচ গ্যারি মাইকেল ফিলিপস।

আজ (শনিবার) প্রথম সেমিফাইনালে বেলা ৩টায় ভারতের বিপক্ষে মাঠে নামবে ভুটান। পল্টনের জাতীয় স্টেডিয়াম থেকে খেলাটি সরাসরি সম্প্রচার করবে চ্যানেল টি-স্পোর্টস। 

ভুটান এই আসরে বাংলাদেশের কাছে ১-০ গোলে হেরে শুরু করে। এরপর শক্তিশালী শ্রীলঙ্কার বিপক্ষে পিছিয়ে পড়েও ২-২ গোলে ড্র করে। মূল্যবান সেই ১ পয়েন্টই তাদের সেমিফাইনালে তুলেছে। কেননা শ্রীলঙ্কা তাদের গ্রু পর্বের শেষ খেলায় স্বাগতিকদের কাছে স্রেফ উড়ে গেছে ৪-০ গোলে হেরে। 

ভুটান দলের কোচ জানালেন, দেশের ফুটবল পরিবার এবং খেলোয়াড়দের জন্য এটি অত্যন্ত রোমাঞ্চকর একটি সময়। সেমিফাইনালে ওঠার অনুভূতি প্রকাশ করতে গিয়ে কোচ বলেন, আমরা কেবল সেমিফাইনালে এসেই থেমে থাকতে চাই না। আত্মবিশ্বাস নিয়ে ম্যাচটিতে নামছি এবং আমরা জিততে চাই। ফাইনালে উঠতে পারলে তা হবে ভুটানি ফুটবলের জন্য এক অবিস্মরণীয় অভিজ্ঞতা।

অবশ্য দলের ইনজুরি সমস্যা কিছুটা হলেও চিন্তায় রাখছে কোচকে। তিনি জানান, স্কোয়াডের কয়েকজন গুরুত্বপূর্ণ খেলোয়াড়ের চোট রয়েছে। তবে শনিবার ম্যাচের আগেই তারা ফিট হয়ে উঠবে বলে আশা প্রকাশ করেন তিনি।

সাফ চ্যাম্পিয়নশিপে ভুটানের বিপক্ষে আগের তিনটি দেখাতেই জিতেছে ভারত এবং রেকর্ডটি আরও সমৃদ্ধ করার দিক থেকে কাল তারাই ফেভারিট। তবে ভুটানও সব হিসাব-নিকাশ উল্টে দিয়ে প্রথমবারের মতো ফাইনালে ওঠার স্বপ্ন দেখছে।

প্রতিপক্ষ হিসেবে ভারতের মুখোমুখি হওয়া প্রসঙ্গে ভুটান কোচ গ্যারি ফিলিপস বলেন, ভারত অত্যন্ত শক্তিশালী একটি দল এবং ফুটবলে তাদের দারুণ অভিজ্ঞতা রয়েছে। ভারতের জনসংখ্যা যেখানে দেড় শ কোটির কাছাকাছি, সেখানে ভুটানের জনসংখ্যা মাত্র আট লাখের মতো। জনসংখ্যা, ফুটবল সংস্কৃতি এবং অভিজ্ঞতার দিক থেকে বিশাল পার্থক্য তো রয়েছেই। তবে এটি আমাদের জন্য একটি দারুণ সুযোগ এবং আমরা বড় চ্যালেঞ্জের মুখেই নামছি।

২০০৮ সালের পর দীর্ঘ সময় পেরিয়ে যাওয়ায় দলের ওপর কিছুটা চাপ তো থাকাই স্বাভাবিক। এ প্রসঙ্গে কোচ যোগ করেন, চাপ কীভাবে সামলাতে হয়, সেটিও খেলারই অংশ। খেলোয়াড়দের জন্য নিজেদের মেলে ধরার এবং ক্যারিয়ার গড়ার এটি দারুণ সুযোগ। তারা ভালো করলে অন্য দেশের বড় দলগুলোর নজরে আসবে।

বাংলাদেশ চিত্র অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন