সড়কের বিশৃঙ্খলায় আন্তর্জাতিক অঙ্গনে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে: শিমুল বিশ্বাস

বাংলাদেশ চিত্র
প্রকাশ : ১৫ নভেম্বর ২০২৬, ০৪:৫২ PM

সড়কের শৃঙ্খলা ও নিরাপত্তা শুধু মানুষের জীবন রক্ষার বিষয় নয়, আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ভাবমূর্তির সঙ্গেও গভীরভাবে জড়িত। সড়কের বিশৃঙ্খলা, যানজট ও নিয়ম না মানার প্রবণতা বিদেশি বিনিয়োগকারী, ব্যবসায়ী ও পর্যটকদের কাছে দেশের নেতিবাচক চিত্র তুলে ধরে। তাই সড়কে শৃঙ্খলা ফেরাতে আইন প্রয়োগের পাশাপাশি নাগরিক সচেতনতা বাড়ানো এবং বেকারত্বের মতো সমস্যারও সমাধান প্রয়োজন বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সড়ক পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদের সমন্বয়ক ও পাবনা-৫ আসনের সংসদ সদস্য শামছুর রহমান শিমুল বিশ্বাস।

রোববার (১৫ নভেম্বর) রাজধানীর সিরডাপ মিলনায়তনে ‘রোডক্র্যাশে নিহত ও আহতদের স্মরণ, সড়ক নিরাপত্তা নিশ্চিতে করণীয়’ শীর্ষক এক গোলটেবিল আলোচনায় বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।

পরিবহন খাতে নিজের পাঁচ দশকের অভিজ্ঞতার কথা তুলে ধরে শিমুল বিশ্বাস বলেন, ‘একটি দুর্ঘটনা সারাজীবনের কান্না। বিদেশ থেকে যারা বিনিয়োগ, বাণিজ্য বা পর্যটনের জন্য আসেন, এয়ারপোর্ট থেকে নেমে সচিবালয় বা কোনো বাণিজ্যিক প্রতিষ্ঠানে যাওয়ার পথে রাস্তার যে বিশৃঙ্খলা ও প্রতিবন্ধকতা তাদের চোখে পড়ে, তা আমাদের দেশের জন্য সত্যিই লজ্জার এবং করুণ একটি চিত্র।

তিনি আরও বলেন, তারা ফিরে গিয়ে কোনো সরকার বা দলের নয়, বরং দেশ সম্পর্কে নেতিবাচক মন্তব্য করেন।

সড়কে শৃঙ্খলা ফেরানোর বিষয়ে প্রধানমন্ত্রীর আন্তরিকতার কথা উল্লেখ করে তিনি বলেন, আমাদের সাথে একদিন উনি ৭ ঘণ্টা সময় দিয়েছেন। রোড সেইফটির ওপরে দেশের সার্বিক ভাবমূর্তিও নির্ভর করে- এটি উনি হৃদয় দিয়ে অনুভব করেছেন।

তিনি আরও বলেন, সর্বশেষ জাপান থেকে ফিরে এসেও উনি একই কথা বলেছেন। উনি বাংলাদেশের একটা গুণগত পরিবর্তন চান।

সড়কে ব্যাটারিচালিত রিকশার দৌরাত্ম্য এবং বেকারত্বের সংকটের বিষয়টিও তুলে ধরেন শিমুল বিশ্বাস। তিনি বলেন, প্রায় ৩০-৪০ লাখ বেকার ছেলে ঢাকা শহরে টেসলা (ব্যাটারি রিকশা) নিয়ে নেমে পড়েছে। তাদের তুলতে গেলে তাদের মধ্যে যে ক্রোধ ও প্রতিক্রিয়া দেখা যায়; আবার সাধারণ মানুষও প্রশ্ন তোলে যে বিকল্প না থাকলে তারা কোথায় যাবে?

সড়কে আইন প্রয়োগের পাশাপাশি নাগরিক সচেতনতা বাড়ানোর ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, আমাদের দেশে দুটি চিত্র- সাধারণ সড়ক ও মহাসড়কের চিত্র; আর জাহাঙ্গীর গেইট দিয়ে ভেতরে (সেনানিবাসে) যাওয়ার পরের চিত্র। একই লোক, একই যাত্রী, একই চালক ওখানে নিয়ম মানছে, আর এখানে এসে নিয়ম মানছে না। তাই নিয়ম মানাতে আইন প্রয়োগের অপরিহার্যতা যেমন রয়েছে, তেমনই নাগরিক সচেতনতাও বৃদ্ধি করতে হবে।

এ সময় সড়ক দুর্ঘটনায় নিহত বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির তিন স্বেচ্ছাসেবক নূর মোহাম্মদ আরিফ, মোহাম্মদ রাব্বি মোল্লা ও তামান্না তাবাসসুম ঐশীর পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান তিনি।

অনুষ্ঠানে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির মহাসচিব হাবিবুর রহমান খান বলেন, সড়ক দুর্ঘটনায় যারা মারা যান, তাদের ৮০ থেকে ৯০ শতাংশই দরিদ্র পরিবারের মানুষ।

তিনি আরও বলেন, অনেক ক্ষেত্রে পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিটি মারা যাওয়ায় তার বৃদ্ধ মা-বাবা, স্ত্রী ও সন্তানরা সারাজীবন ধরে কষ্ট ভোগ করে। এছাড়া মৃত্যুর সংখ্যার চেয়েও পঙ্গুত্ববরণকারী বা দীর্ঘমেয়াদে শারীরিকভাবে ক্ষতিগ্রস্ত মানুষের সংখ্যা আরও বেশি।

সড়ক দুর্ঘটনার কারণ ব্যাখ্যা করতে গিয়ে তিনি বলেন, সবক্ষেত্রে চালকের একার দোষ থাকে না। ফিটনেসবিহীন গাড়ি, ত্রুটিপূর্ণ সড়ক অবকাঠামো এবং একই রাস্তায় রিকশা-ভ্যান থেকে শুরু করে নানা গতির যানবাহন চলাচলের কারণে দুর্ঘটনা ঘটে।

তিনি আরও বলেন, এছাড়া শহরে যানজটে আটকে থাকার পর রাস্তা ফাঁকা পেলে চালকরা সময় পুষিয়ে নিতে বেপরোয়া গতিতে গাড়ি চালান। আবার ইউরোপসহ বিভিন্ন দেশে চালকদের নির্দিষ্ট কর্মঘণ্টা পর বিশ্রামের বাধ্যবাধকতা থাকলেও আমাদের দেশে দূরপাল্লার নাইট কোচ ও ট্রাকের চালকরা পর্যাপ্ত বিশ্রাম পান না, ফলে চোখে ঘুম নিয়ে গাড়ি চালাতে গিয়ে দুর্ঘটনা ঘটে।

সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে একটি সমন্বিত আইন প্রণয়ন এবং দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের বীমার মাধ্যমে ক্ষতিপূরণ দেওয়ার ব্যবস্থা করার দাবি জানান হাবিবুর রহমান খান।

তিনি বলেছেন, দুর্ঘটনা ঘটলে চালককে মারধর বা মব তৈরির প্রবণতা বন্ধ করতে হবে, কারণ মার খাওয়ার ভয়েই চালকরা দ্রুতগতিতে গাড়ি নিয়ে পালানোর চেষ্টা করেন।

তিনি আরও জানান, সারাদেশে রেড ক্রিসেন্টের ৬৮টি ইউনিটের প্রায় ৮ লাখ স্বেচ্ছাসেবক যেকোনো দুর্যোগের পাশাপাশি ট্রাফিক ও হাইওয়ে পুলিশকে সহায়তা করতে প্রস্তুত রয়েছেন।

রোড সেফটি কোয়ালিশন বাংলাদেশ, ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অব বাংলাদেশ এবং বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি যৌথভাবে এ গোলটেবিল আলোচনার আয়োজন করে।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন হাইওয়ে পুলিশের ডিআইজি শামসুল আলম, ডিএমপির অতিরিক্ত কমিশনার (ট্রাফিক) আনিসুর রহমান, ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের সভাপতি অধ্যাপক খন্দকার আব্দুল আউয়াল রিজভী এবং ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটের এপিডেমিওলজি ও গবেষণা বিভাগের প্রধান সোহেল রেজা চৌধুরী।