জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সহ-সভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধান জানিয়েছেন, আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে জাগপা এককভাবে নির্বাচনে অংশগ্রহণ করার সিদ্ধান্ত নিয়েছে। তবে সিটি করপোরেশনের মেয়র পদে দলটি কোনো প্রার্থী দেবে না, এই পদে তারা ১১ দলীয় ঐক্যের শরিক দল জামায়াতে ইসলামীর প্রার্থীকে সমর্থন দেবে।
রোববার (১৫ নভেম্বর) সকাল ১১টায় জাগপা কেন্দ্রীয় কার্যালয়ে দলের নেতাদের উদ্দেশে আসন্ন স্থানীয় সরকার নির্বাচন উপলক্ষে দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম প্রেসিডিয়াম কমিটির সিদ্ধান্ত ও নির্দেশনা তুলে ধরেন রাশেদ প্রধান।
দলীয় নেতাকর্মীদের উদ্দেশে রাশেদ প্রধান বলেন, যেসব স্থানে জাগপার কোনো প্রার্থী থাকবে না, সেসব স্থানে শরিক দল জামায়াতে ইসলামীর প্রার্থীকে সমর্থন দিতে হবে এবং স্থানীয় সরকার নির্বাচনে জোটের অন্যান্য দলের প্রার্থী বা নেতাকর্মীদের সঙ্গে কোনো অবস্থাতেই বিবাদে জড়ানো যাবে না। নির্বাচনে সুবিধা পাওয়ার স্বার্থে কোনো জালিমের সঙ্গে আপস না করার এবং অন্যায়ের সামনে মাথা নত না করারও আহ্বান জানান তিনি।
ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে অনিয়মের প্রসঙ্গ টেনে বর্তমান বিএনপি সরকারের অধীনে আসন্ন নির্বাচন কতটুকু সুষ্ঠু হবে, সে বিষয়ে সন্দেহ প্রকাশ করেন রাশেদ প্রধান। তা সত্ত্বেও দলের যে সব নেতা-কর্মী নির্বাচনে অংশ নিতে আগ্রহী, তাদেরকে আগামী ৩০ নভেম্বরের মধ্যে জাগপার সাধারণ সম্পাদকের কাছে লিখিতভাবে আবেদন করতে নির্দেশ দেওয়া হয়েছে।
রাশেদ প্রধান বলেন, জাতীয় নির্বাচনে ১১ দলীয় ঐক্যের একক প্রার্থী থাকলেও, আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে শরিক দলগুলো আলাদাভাবে অংশ নেবে। তবে স্থানীয় পর্যায়ে নেতারা পারস্পরিক সমঝোতার মাধ্যমে ঐক্যের একক প্রার্থী হওয়ারও সুযোগ রয়েছে।
এসময় আরও উপস্থিত ছিলেন- জাগপার সাধারণ সম্পাদক অধ্যাপক ইকবাল হোসেন, প্রেসিডিয়াম সদস্য আসাদুর রহমান খান, বীর মুক্তিযোদ্ধা সৈয়দ শফিকুল ইসলাম, ভিপি মুজিবুর রহমান।
