দেশের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে অসন্তোষ প্রকাশ করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব চেয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া পোস্টের জেরে ব্যাপক সমালোচনার মুখে পড়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম সদস্যসচিব ও বিদায়ী অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
রোববার (১৫ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক প্রোফাইলে পরপর দুটি পোস্ট দিয়ে তিনি দাবি করেন, তাকে রাজনৈতিক প্রতিপক্ষ বিবেচনা করা হলে সাবেক স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরীকে এই দায়িত্ব দেওয়া হোক, যিনি পরিস্থিতি শতগুণ ভালোভাবে নিয়ন্ত্রণ করতে পারবেন। তার এমন মন্তব্য ও আহ্বানের পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে তা নিয়ে তীব্র আলোচনার সৃষ্টি হয়েছে এবং নেটিজেনরা বিভিন্ন ধরনের মন্তব্য ও কটাক্ষ করে প্রতিক্রিয়া জানাচ্ছেন।
আসিফ মাহমুদের ভাইরাল হওয়া সেই ফেসবুক পোস্টগুলোর কমেন্ট বক্সে সাধারণ ব্যবহারকারীরা মিশ্র ও সমালোচনামূলক প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। কেউ কেউ তার পূর্বের দায়িত্ব পালন ও কার্যকাল নিয়ে প্রশ্ন তুলেছেন; যেমন- ‘গোপালগঞ্জ থেকে যে পালিয়ে আসছিলা মনে নাই?’, ‘১৮ মাসে কী কী চেঞ্জ করছিলা ভাইয়েরে?’।
উল্লেখ্য, এসব পোস্টের কমেন্টে অনেকে বিভিন্ন হাস্যরসাত্মক ও তীব্র কটাক্ষমূলক মন্তব্য করেছেন। এছাড়াও অনেকে সাবেক স্বরাষ্ট্র উপদেষ্টার প্রসঙ্গ ও তার কার্যক্রম নিয়েও নানা মতামত প্রকাশ করেছেন।
