সশস্ত্র বাহিনীর সদস্যদের জন্য নতুন বেতন কাঠামো প্রকাশ করেছে সরকার। জাতীয় বেতনস্কেল ২০২৬-এর আলোকে প্রণীত নতুন নির্দেশনায় বাহিনীপ্রধানের সর্বোচ্চ মূল বেতন নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৭২ হাজার টাকা। আর সৈনিকের মূল বেতন নির্ধারণ করা হয়েছে ২১ হাজার ৪০০ টাকা। সেনাবাহিনীর পাশাপাশি নৌ ও বিমানবাহিনীর সদস্যদের জন্যও নতুন বেতন কাঠামো নির্ধারণ করা হয়েছে।
রোববার (১৫ নভেম্বর) এ-সংক্রান্ত গেজেট প্রকাশ করা হয়। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের প্রকাশিত যৌথ বাহিনী নির্দেশাবলি (জেএসআই) ০১/২০২৬-এ সশস্ত্র বাহিনীর কমিশন্ড অফিসার, এএফএনএস অফিসার, অফিসার ক্যাডেট, মিডশিপম্যান, ফ্লাইট ক্যাডেট, এএফএনএস ক্যাডেট, অনারারি কমিশন্ড অফিসার, জেসিও, অন্যান্য পদমর্যাদার সদস্য, রিক্রুট, এনসি (ই), ধর্মীয় পরামর্শদানকারী কর্মকর্তা এবং এমওডিসি সদস্যদের মূল বেতন, ভাতা ও অবসরজনিত সুবিধা নির্ধারণ করা হয়েছে।
নতুন নির্দেশনা অনুযায়ী, সেনাবাহিনীপ্রধান, নৌবাহিনীপ্রধান ও বিমানবাহিনীপ্রধানের সর্বোচ্চ মূল বেতন ১ লাখ ৭২ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। লেফটেন্যান্ট জেনারেল, ভাইস অ্যাডমিরাল ও এয়ার মার্শাল পদমর্যাদার কর্মকর্তাদের মূল বেতন ১ লাখ ৬৪ হাজার টাকা। মেজর জেনারেল, রিয়ার অ্যাডমিরাল ও এয়ার ভাইস মার্শাল পদমর্যাদার কর্মকর্তাদের মূল বেতন নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৫৬ হাজার টাকা।
অন্যদিকে, সেনাবাহিনীর সৈনিক, নৌবাহিনীর নাবিক ও বিমানবাহিনীর রিক্রুট/এসি-২ পদে মূল বেতন নির্ধারণ করা হয়েছে ২১ হাজার ৪০০ টাকা। মাসিক বেতনের এই হার নির্ধারণ করা হয়েছে নির্দিষ্ট অঙ্কে। অফিসার ক্যাডেটদের মূল বেতন ২৩ হাজার টাকা, নৌবাহিনীর মিডশিপম্যানদের ২৩ হাজার ৮০০ টাকা এবং এএফএনএস ক্যাডেটদের ২২ হাজার ৪০০ টাকা নির্ধারণ করা হয়েছে।
সরকারি চাকরিজীবীদের মতো সশস্ত্র বাহিনীর সদস্যদেরও নতুন মূল বেতন একসঙ্গে পুরোপুরি কার্যকর হচ্ছে না। ধাপে ধাপে নতুন বেতন কাঠামো বাস্তবায়ন করা হবে। নির্দেশনা অনুযায়ী, বাহিনীপ্রধান থেকে ওয়ারেন্ট অফিসার ও সমতুল্য পদমর্যাদার সদস্যদের ক্ষেত্রে ১ জুলাই থেকে ৩১ ডিসেম্বর ২০২৬ পর্যন্ত নতুন নির্ধারিত মূল বেতনের ৪০ শতাংশ এবং ১ জানুয়ারি থেকে ৩০ জুন ২০২৭ পর্যন্ত ৭০ শতাংশ কার্যকর হবে। ১ জুলাই ২০২৭ থেকে তারা নতুন কাঠামো অনুযায়ী শতভাগ মূল বেতন পাবেন।
অন্যদিকে, সার্জেন্ট ও সমতুল্য পদ থেকে এনসি (ই) এবং অফিসার ক্যাডেট থেকে রিক্রুট পর্যায়ের সদস্যদের ক্ষেত্রে ২০২৬ সালের ১ জুলাই থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত নতুন মূল বেতনের ৫০ শতাংশ এবং ২০২৭ সালের ১ জানুয়ারি থেকে ৩০ জুন পর্যন্ত ৭৫ শতাংশ কার্যকর হবে। ১ জুলাই ২০২৭ থেকে তারাও নতুন কাঠামো অনুযায়ী পূর্ণ মূল বেতন পাবেন।
নতুন নির্দেশনায় আগের জেএসআইয়ের আওতায় দেওয়া বিশেষ সুবিধা ১ জুলাই ২০২৬ থেকে বিলুপ্ত করা হয়েছে। এ সুবিধার আওতায় পাওয়া অর্থ বকেয়া বেতনের সঙ্গে সমন্বয় করা হবে। তবে বেতন-ভাতা ও অন্যান্য সুবিধার নতুন হার কার্যকর হবে ১ জানুয়ারি ২০২৮ থেকে। এর আগ পর্যন্ত ৩০ জুন ২০২৬ তারিখে কার্যকর থাকা হার অনুযায়ী ভাতা দেওয়া হবে।
নতুন কাঠামোয় কয়েকটি ভাতার পরিমাণ বাড়ানো হয়েছে। প্রতিরক্ষা সার্ভিস ভাতা জেনারেল পর্যায়ে ৬ হাজার টাকা থেকে বাড়িয়ে ৭ হাজার ২০০ টাকা এবং সেকেন্ড লেফটেন্যান্ট পর্যায়ে ৫ হাজার ৫৭৫ টাকা থেকে বাড়িয়ে ৬ হাজার ৬৯০ টাকা করা হয়েছে। কিট ভাতা ১ হাজার ২০০ টাকা থেকে বাড়িয়ে ১ হাজার ৩২০ টাকা, ব্যাটম্যান ভাতা ৬০০ টাকা থেকে বাড়িয়ে ১ হাজার ২০০ টাকা এবং ডিস্টারব্যান্স ভাতা ২ হাজার টাকা থেকে বাড়িয়ে ২ হাজার ২০০ টাকা নির্ধারণ করা হয়েছে। ঝুঁকি ভাতা দৈনিক ১১০ টাকা থেকে বাড়িয়ে ১২১ টাকা করা হয়েছে। পাহাড়ি ভাতা নির্ধারণ করা হয়েছে মূল বেতনের ২০ শতাংশ।
এ ছাড়া নতুন করে কয়েকটি ভাতা যুক্ত করা হয়েছে। মেজর ও তদূর্ধ্ব পদমর্যাদার কর্মকর্তারা মাসে ৫০০ টাকা এবং ক্যাপ্টেন ও নিচের পদমর্যাদার সদস্যরা ১৫০ টাকা মোবাইল ভাতা পাবেন। প্রতিবন্ধী সন্তানের জন্য প্রতি মাসে ৩ হাজার টাকা ভাতা নির্ধারণ করা হয়েছে। সর্বোচ্চ দুই সন্তানের জন্য এ সুবিধা পাওয়া যাবে।
হাওর, দ্বীপ ও চর এলাকায় কর্মরত সদস্যদের জন্য মূল বেতনের ২০ শতাংশ হারে ভাতা নির্ধারণ করা হয়েছে। তবে এ ভাতার সর্বোচ্চ পরিমাণ হবে ৫ হাজার টাকা। তেজস্ক্রিয় ঝুঁকি ভাতা হিসেবে রাডার ও রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে কর্মরত সদস্যদের মাসে ২ হাজার টাকা দেওয়া হবে।
গেজেট অনুযায়ী, ৩০ জুনের আগে অবসর প্রস্তুতিমূলক ছুটি (এলপিআর) শেষ করে ১ জুলাই অবসরে যাওয়া সদস্যরা নতুন বেতন নির্ধারণের সুবিধা পাবেন না। তবে তারা শতাংশের হিসাবে পেনশন বৃদ্ধির সুবিধা পাবেন।
